ভারতকে বিপদ থেকে বাঁচালেন কোহলি
দারুণ এক সেঞ্চুরি, এক গাদা রেকর্ড। দিনশেষে তবু কী একটু আপশোস করছিলেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক? যদি আরেকটু আগে ঘোষণা করতেন ইনিংস! তিন ইনিংস শেষেও যে ম্যাচকে মনে হচ্ছিলো নিষ্প্রাণ ড্র, পঞ্চম দিন বিকেলে সেই ম্যাচই ছাড়িয়েছিল নাটকীয়তা।
শেষ ইনিংসে দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল ভারত। ইংল্যান্ডকে হাতছানি দিচ্ছিল অভাবনীয় এক জয়। তবে বাধা হয়ে দাঁড়িয়েছেন বিরাট কোহলি। প্রথমে রবিচন্দ্রন অশ্বিন, পরে রবিন্দ্র জাদেজার সঙ্গে অধিনায়কের জুটিতে ভারত এড়িয়েছে পরাজয়ের চোখ রাঙানি। শেষ পর্যন্ত ড্র-ই হয়েছে রাজকোট টেস্ট।
রোববার ইংল্যান্ড দিন শুরু করেছিল বিনা উইকেটে ১১৪ রান নিয়ে। অভিষেকে সেঞ্চুরির স্বপ্ন নিয়ে নেমেছিলেন হাসিব হামিদ। তবে স্বপ্ন পূরণ হয়নি ৬২ রান নিয়ে দিন শুরু করা ব্যাটসম্যানের। ৮২ রানে বিদায় নিয়েছেন অমিত মিশ্রকে ফিরতি ক্যাচ দিয়ে।
১৩০ রানে কুকের বিদায়ে আসে ইনিংস ঘোষণাও। নির্ধারিত ৯০ ওভারের বাকি তখন ৪৯ ওভার, ভারতের লক্ষ্য ৩১০। সেই রান তাড়া বা ইংল্যান্ডের ১০ উইকেট নেওয়া, দুটির জন্যই সময় মনে হচ্ছিলো অপর্যাপ্ত।
কিন্তু ক্রিকেটে শেষ কথা বলে তো কিছু নেই! গৌতম গম্ভিরকে শূন্য রানেই ফেরালেন ক্রিস ওকস। দ্বিতীয় উইকেটে মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারা গড়েন ৪৭ রানের জুটি। এরপরই ম্যাচের চিত্র বদল।
দুই ব্যাটসম্যানকেই ফেরান আদিল রশিদ। অজিঙ্কা রাহানেকে বোল্ড করে দেন মইন আলি। ভারত তখন ৪ উইকেটে ৭১। বিশেষজ্ঞ ব্যাটসম্যান বলতে বিরাট কোহলি, সঙ্গী অলরাউন্ডাররা।
সেই অলরাউন্ডারদের একজন, অশ্বিনকে নিয়েই বিপদ কাটান কোহলি। ১৫.২ ওভার পার করে দেন দুজন। অশ্বিনকে (৩২) ফিরিয়ে এই জুটি ভাঙেন জাফর আনসারি। রশিদ পরে দ্রুত ফেরান ঋদ্ধিমান সাহাকেও।
আরেকটু আগে ইনিংস ঘোষণার না করার আপশোস হতে পারে কুকের। আক্ষেপ হতে পারে ক্যাচ হাতছাড়াতেও। ১৩ রানে বিজয়ের ফিরতি ক্যাচ ছেড়েছিলেন আনসারি। ১০ রানে পুজারার ক্যাচ ছাড়েন ব্রড। দুজনের কেউই পরে বড় ইনিংস খেলতে পারেননি। তবে কে জানে, ওই দুটি উইকেট তখনই পড়লে, কোহলি-অশ্বিনদের আরেকটু আগে উইকেটে পেলে, ম্যাচের ফল অন্যরকম হতেও পারত!
আন্ডারডগ হয়ে সিরিজ শুরু করা ইংল্যান্ডের অবশ্য খুশি থাকার কথা তার পরও।
প্রথম ইনিংসের সেঞ্চুরি ও দুই ইনিংসে ৩ উইকেটে ম্যাচ-সেরা মইন আলি। ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি বৃহস্পতিবার থেকে বিশাখাপত্মমে।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৫৩৭
ভারত ১ম ইনিংস: ৪৮৮
ইংল্যান্ড ২য় ইনিংস: ৭৫.৩ ওভারে ২৬০/৩ (ডি.) (কুক ১৩০, হামিদ ৮২, রুট ৪, স্টোকস ২৯*; শামি ০/২৯, জাদেজা ০/৪৭, অশ্বিন ১/৬৭, যাদব ০/৪৭, মিশ্র ২/৬০)।
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৩১০) ৫২.৩ ওভারে ১৭২/৬ (বিজয় ৩১, গম্ভির ০, পুজারা ১৮, কোহলি ৪৯*, রাহানে ১, অশ্বিন ৩২, ঋদ্ধিমান ৯, জাদেজা ৩২*; ব্রড ০/৮, ওকস ১/৬, আনসারি ১/৪১, মইন ১/৪৭, রশিদ ৩/৬৪, স্টোকস ০/১, রুট ০/৫)।
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দ্য ম্যাচ: মইন আলি
