২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশ সফরের ভীতি কেটেছে বাংলাদেশের

বিদেশে খেলতে গিয়ে কেমন করবেন এই ভাবনা এখন আর পেয়ে বসে না বাংলাদেশের ক্রিকেটারদের। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানিয়েছেন, অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে গত বিশ্বকাপে ভালো খেলার অভিজ্ঞতা থেকে দেশের বাইরেও ভালো করার আত্মবিশ্বাস বেড়েছে তাদের।  

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2016, 03:01 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

আগামী ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফর করবে বাংলাদেশ। আগামী বছর শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড সফর রয়েছে তাদের। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবেন সাকিবরা।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাকিব সাংবাদিকদের জানান, দেশের বাইরে খেলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা।

“আগে বিদেশ সফরে গেল আমরা ভীত থাকতাম। কেমন করি, চিন্তা থাকতো। বিশ্বকাপে ভালো খেলায় আমাদের আত্মবিশ্বাস বেড়েছে।”

“পেসাররা খুব ভালো করছে। স্পিন-পেস দুটি বিভাগেই ভালো হচ্ছে। আশা করি, ভালো কিছুই হবে।”
 
নিউ জিল্যান্ডে স্বাগতিকদের বিপক্ষে কোনো সংস্করণেই এখন পর্যন্ত কোনো ম্যাচ জিতেনি বাংলাদেশ। বিব্রতকর কিছু হারের অভিজ্ঞতা আছে তাদের। গত বিশ্বকাপের ম্যাচে অবশ্য হারের আগে লড়াই করে মাশরাফি বিন মুর্তজার দল। সাকিব মনে করেন, আগের সফরগুলোর মতো এবারও কঠিন পরীক্ষা দিতে হবে তাদের।

“ওখানে আমাদের জন্য কাজটা সহজ হবে না। তাই প্রস্তুতি ভালো হওয়া উচিত। নিউ জিল্যান্ড সফরে যাওয়া আগে অস্ট্রেলিয়ায় আমাদের ক্যাম্প খুব কাজে দেবে। আশা করি, ভালোভাবে প্রস্তুতি নিতে পারব।”

দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে সর্বশেষ ২০১০ সালে নিউ জিল্যান্ড সফর করে বাংলাদেশ। এবার খেলতে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় একটি প্রস্তুতি ক্যাম্প রয়েছে তাদের। 

নিউ জিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।