২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকে উজ্জ্বল তরুণ ইয়াসির আরাফাত

১৭ বছর বয়সী পেসার ইয়াসির আরাফাত অভিষেকে আলো ছড়িয়েছেন। তার পেস আর তাসামুল হকের স্পিনে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে রংপুরকে চাপে ফেলেছে চট্টগ্রাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2016, 07:26 PM

Updated : 12 Apr 2022, 02:56 AM

অন্য ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির দাপটে মাঠেই নামতে পারেনি এনসিএলের দ্বিতীয় স্তরের দুই দল রাজশাহী ও সিলেট।

প্রথম দিনেও অধিকাংশ সময় বৃষ্টির কারণে খেলা হয়নি। দুই দিনে সম্ভাব্য ১৮০ ওভারের মধ্যে খেলা হয়েছে মাত্র ২৭.৩ ওভার। এতে রাজশাহীর স্কোর ২ উইকেটে ৯৪ রান।

চট্টগ্রাম-রংপুর

এনসিএলের দ্বিতীয় স্তরের ম্যাচের দ্বিতীয় দিন শেষে রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ১৮৩ রান। ধীমান ঘোষ ৩৬ ও তানভীর হায়দার ১৯ রানে ব্যাট করছেন। এখনও ১৮৫ রানে পিছিয়ে আছে দলটি।

রংপুরের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সায়মন আহমেদ ও সোহরাওয়ার্দী শুভকে ফেরান ইয়াসির আরাফাত। দুই অঙ্কেই যেতে পারেননি সোহরাওয়ার্দী। অর্ধশতকে পৌঁছেই বিদায় নেন সায়মন (৫৩)।

নিজেদের ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল হাসান (৩৯) ও নাঈম ইসলাম (১৮)।

ইয়াসির আরাফাতের তৃতীয় শিকার রংপুরের অধিনায়ক নাঈম। মাহমুদুলের পর আরিফুল হককে দ্রুত বিদায় করেন অনিয়মিত অফ স্পিনার তাসামুল।

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেকে ৩৬ রানে তিন উইকেট নেন ইয়াসির আরাফাত। দুই উইকেট নিতে ৫৫ রান খরচ করেন তাসামুল।

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম  ৫ উইকেটে ২৯৪ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করে চট্টগ্রাম। অলআউট হওয়ার আগে প্রথম ইনিংসে ৩৬৮ রান করে মুমিনুল হকের দল।  তাতে বড় অবদান নুর হোসেনের (৪০)।

চট্টগ্রামের শেষ চার ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যান কেবল নুর। ১৮ রান নিয়ে দিন শুরু করা ইরফান শুক্কুর ফিরেন ৩৩ রান করে।

রংপুরের আলাউদ্দিন বাবু ৩ উইকেট নেন ৭৩ রানে। সাজেদুল ইসলাম ৫৬ রানে নেন দুই উইকেট।