তালগোল পাকানো ওয়েস্ট ইন্ডিজের সহায় বৃষ্টি
বোলারদের ঘাম ঝরানো পরিশ্রমের ফসল এক ঘণ্টায়ই ভেস্তে দিতে বসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। তারা তালগোল পাকানোর পর সহায় হয়ে এসেছে বৃষ্টি, খেলা গড়িয়েছে পঞ্চম ও শেষ দিনে।
৩০৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন খেলা শুরু করে ১৫.৫ ওভারে ৪৮ রানে ৪ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
মঙ্গলবার কিংস্টনের স্যাবিনা পার্কে ৪৫ মিনিট দেরিতে খেলা শুরুর পর মাত্র তিন ওভার বল করতে পারেন ভারতের বোলাররা। এর মধ্যেই রাজেন্দ্র চন্দ্রিকাকে বিদায় করেন ইশান্ত শর্মা। তার বল ছেড়ে দিতে চেয়ে ঠিকমতো পারেননি চন্দ্রিকা, বল তার কনুয়ে লেগে স্টাম্প ভেঙে দেয়।
এক ঘণ্টা অপেক্ষার পর খেলা হয় আরও ১২ ওভার ৫ বল। এর মধ্যে ফিরে যান কার্লোস ব্রেথওয়েইট, ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলস।
অমিত মিশ্রর শর্ট বলে লোকেশ রাহুলকে ক্যাচ দেন উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেথওয়েইট। ৫ বল খেলা স্যামুয়েলসকে বোল্ড করেন মোহাম্মদ শামি। তার বলে রাহুলকে ক্যাচ দিয়ে ফিরেন শুরু থেকে শর্ট বলে অস্বস্তিতে থাকা ব্রাভো।
ব্রাভোর বিদায়ের সঙ্গে লাঞ্চ বিরতিতে যায় দুই দল। বিরতি শেষ হওয়ার কিছুক্ষণ আগে বৃষ্টি নামলে আর মাঠে ফেরা হয়নি তাদের। মাঝে-মধ্যে বিরতি থাকলেও বৃষ্টির দাপটে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলার সমাপ্তি টানেন দুই আম্পায়ার।
এখনও ২৬৪ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য শেষ দিন বাকি ৬ উইকেট চাই ভারতের। তবে স্বাগতিকদের চেয়েও তাদের জন্য বড় বাধা বৃষ্টি। অবশ্য আবহাওয়া বার্তায় সুখবর পাচ্ছে দলটি, পঞ্চম দিনে ততটা বৃষ্টির আশংকা নেই।
প্রথম ইনিংসে ১৯৬ রানে গুটিয়ে যাওয়া দলের আশা বাঁচিয়ে রাখতে লম্বা সময় ধরে সুশৃঙ্খল বোলিং করেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ভারতের ইনিংস ঘোষণা দেরি করিয়ে দিতে নিখুঁত লাইন-লেংথে রক্ষণাত্মক বোলিং করেন হোল্ডাররা। তবে তাদের তাদের প্রচেষ্টা ব্যর্থ হতে বসেছে আরেকটি ব্যাটিং ব্যর্থতায়।
বৃষ্টি কারণে দুই দিনে প্রায় চার সেশনের খেলা কম হয়েছে। তারপরও ইনিংস পরাজয়ের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৯৬
ভারত প্রথম ইনিংস: ৫০০/৯ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ১৫.৫ ওভারে ৪৮/৪ (ব্রেথওয়েইট ২৩, চন্দ্রিকা ১, ব্রাভো ২০, স্যামুয়েলস ০, ব্ল্যাকউড ৩*; শামি ২/২৫, শর্মা ১/১৯, মিশ্র ১/৪)
