ইংল্যান্ড থেকে ৪ ক্রিকেটারকে ডেকে পাঠাল শ্রীলঙ্কা
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড থেকে নিজেদের ‘এ’ দলের চার ক্রিকেটারকে দেশে ডেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা।
‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফর করা দুই পেসার বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, বাঁহাতি স্পিনার লক্ষন সান্দাকান ও ব্যাটসম্যান রোশেন সিলভাকে ১৫ সদস্যের দলে রেখেছে শ্রীলঙ্কা। চার জনের কেউই দেশের হয়ে এখনও কোনো ম্যাচ খেলেননি।
চোটের জন্য পেসার ধাম্মিকা প্রসাদ, দুশমন্থ চামিরাকে পাচ্ছে না শ্রীলঙ্কা। বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়ে আছেন শামিন্দা এরাঙ্গা। তাই পেস বোলিংয়ে বিকল্প খুঁজতেই হচ্ছে শ্রীলঙ্কাকে।
প্রথমবারের মতো দলে ডাক পাওয়া ১৮ বছর বয়সী অসিথা খেলেছেন মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ। আরেক পেসার বাঁহাতি বিশ্ব ২০১৪ সালে টেস্ট দলে ডাক পেয়েছিলেন। তবে কোনো ম্যাচ না খেলে বাদ পড়ার পর থেকে উপেক্ষিতই ছিলেন তিনি।
২০১৪ সালে শ্রীলঙ্কার ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন সান্দাকান। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছিলেন তিনি।
দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা ধনাঞ্জয়া ডি সিলভা আছেন টেস্ট দলে। লাহিরু থিরিমান্নে ও দাসুন শানাকা বাদ পড়ায় ধনাঞ্জয়া ও রোশেন সিলভার যে কোনো একজনের টেস্ট অভিষেক হতে পারে প্রথম ম্যাচে।
কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে অর্ধশতক করেছিলেন অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনে। তবে সেই ইনিংসও দলে জায়গা করে দিতে পারেনি তাকে।
আগামী মঙ্গলবার পাল্লেকেলেতে শুরু হবে প্রথম টেস্ট।
শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), দিনেশ চান্দিমাল (সহ-অধিনায়ক), দিমুথ করুনারেত্ন, কৌলশ সিলভা, কুশল জানিথ পেরেরা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, নুয়ান প্রদিপ, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, লক্ষন সান্দাকান, সুরঙ্গা লাকমল।
