২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিধ্বংসী ইনিংসে হাসানুজ্জামানের চমক

এক্সট্রা কাভার দিয়ে ছক্কা মেরে শুরু। একটু পর মারলেন স্কয়ার লেগ দিয়ে। এরপর লং অন, লং অফ দিয়ে বল উড়তে থাকল সমানে। এবারের ঢাকা লিগে প্রথম খেলতে নেমেই ব্যাট হতে তাণ্ডব চালালেন হাসানুজ্জামান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 03:40 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

এই মৌসুমের দ্রুততম অর্ধশতক করেও থামেননি হাসান। বিধ্বংসী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন শতকের দিকেও। কিন্তু শেষ পর্যন্ত এলবিডব্লিউ হলেন নাঈম ইসলামের বলে। কলাবাগান ক্রীড়া চক্রের ওপেনার থেমেছেন ৮ ছক্কায় ৫৩ বলে ৯৫ করে!

ঢাকার ক্লাব ক্রিকেটে খুব পরিচিত কেউ নন হাসান। গত ঢাকা লিগে ভিক্টোরিয়ার হয়ে চারটি ম্যাচ খেলে ভালো করতে পারেননি। এর আগে নিজের স্বীকৃত ক্রিকেট বলতে খেলেছেন প্রথম বিভাগে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের হয়ে ইংল্যান্ডে খেলেছেন ক্যাম্পাস ক্রিকেট ওয়ার্ল্ডে।

এবার কলাবাগানের অনুশীলনে ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যানের ব্যাটিং দেখে বেশ আগেই মনে ধরেছিল মাশরাফি বিন মুর্তজার। বিবর্ণ সাদমান ইসলামের জায়গায় তাকে ম্যাচ খেলাতে বেশ আগ্রহীও ছিলেন কলবাগান অধিনায়ক। কিন্তু টিম ম্যানেজমেন্ট চাইছিল সাদমানকে একটু বেশি সময় দিতে।

তবু পারেননি সাদমান। গত ম্যাচে তার জায়গায় সুযোগ পেলেন জুপিটার ঘোষ। বড় ইনিংস খেলতে পারেননি তিনিও। শেষ পর্যন্ত দশম ম্যাচে এসে সুযোগ পেলেন হাসান। প্রমাণ করলেন, কেন তাকে খেলাতে মরিয়া ছিলেন অধিনায়ক।

ইনিংসের শুরু থেকেই হাসান খেলেছেন দারুণ সব শট। পেশি শক্তির সঙ্গে চোখে পড়ার মত ছিল দারুণ টাইমিং। দিশাহারা করে ছেড়েছেন মোহামেডানের বোলারদের। বল ফেলার জায়গাই পাচ্ছিল না তারা।

মোহামেডানের সেরা পেসার শুভাশিসকেই মেরেছেন প্রথম ছক্কা। তেতে থাকা শুভাশিসের বাউন্সারের জবাব দিলেন হুক করে ছক্কা মেরে। থামানো যায়নি স্পিনার এনেও। ২৫ বলে ছুঁয়েছেন অর্ধশতক।

অর্ধশতকের পরপরই বাঁহাতি স্পিনার নাঈম ইসলাম জুনিয়রকে ছক্কা মেরেছেন টানা দুই বলে। শতকটাকে মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যপার। তখনই হঠাৎ গড়বড়, আউট হলেন অতি নিরীহ এক বলে। অফ স্পিনার নাঈম ইসলামের প্রথম বলটি ছিল স্টাম্প সোজা, ক্রস ব্যাটে সিঙ্গেল নিতে গিয়ে হলো না ব্যাটে-বলে। এলবিডব্লিউ হয়ে মাথা নাড়তে নাড়তে ফিরলেন রাজ্যের হতাশা নিয়ে।

পুরনো খবর:

এমন কিছুরই স্বপ্ন দেখতেন হাসানুজ্জামান
তাসামুল-হাসানের ব্যাটে মাশরাফিদের দারুণ জয়
নাহিদের অলরাউন্ড নৈপুণ্যে সুপার লিগে রূপগঞ্জ
মজিদের শতকে সুপার লিগে ভিক্টোরিয়া