নাহিদের অলরাউন্ড নৈপুণ্যে সুপার লিগে রূপগঞ্জ
নিষেধাজ্ঞার কারণে অধিনায়কসহ দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিও লেজেন্ডস অব রূপগঞ্জের জন্য বাধা হতে পারেনি। নাহিদুল ইসলামের অলরাউন্ড নৈপুণ্যে গুরুত্বপূর্ণ ম্যাচে সহজ জয়ই পেয়েছে তারা।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ৭ উইকেটে হারাতে ৯২ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন নাহিদুল। তার ৯৯ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও তিনটি ছক্কায়।
শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায় মাহমুদউল্লাহর শেখ জামাল।
আলাউদ্দিন বাবুর জোড়া আঘাতে ৭ রানের ভেতর মাহবুবুল করিম ও মার্শাল আইয়ুবকে হারায় শেখ জামাল। তবে আব্দুল্লাহ আল মামুন, মাহমুদউল্লাহ, নাজমুস সাদাত, সোহাগ গাজীদের দৃঢ়তায় শুরুর ধাক্কা সামাল দেয় দলটি।
তাদের দৃঢ়তায় এক সময়ে শেখ জামালের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৫৬ রান। স্পিন স্বর্গে তখনই নিজেদের সামর্থ্যটা দেখান তাইজুল ইসলাম-মুরাদ খান-নাহিদুলরা। তাদের ঘূর্ণিতে ২৮ রানে শেষ ৬ উইকেট হারানো দলটি দুইশ’ রান পর্যন্তও যেতে পারেনি।
বাঁহাতি স্পিনার তাইজুলের শিকার সাদাত (৪১), সোহাগ ও মুক্তার; ২৯ রানে এই তিন উইকেট নেন তিনি।
নিষেধাজ্ঞার কারণে মোশাররফ হোসেনের না থাকাটা টের পাওয়া যায়নি আরেক বাঁহাতি স্পিনার মুরাদের দারুণ বোলিংয়ে। ইনিংস উদ্বোধন করা এই বাঁহাতি স্পিনার ৪৮ রানে নেন তিন উইকেট।
অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতা নাহিদের শিকার মাহমুদউল্লাহ, আব্দুল্লাহ আল মামুন।
জবাবে ৩২ ওভার ৫ বলে তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।
ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই জহুরুল ইসলামকে হারায় রূপগঞ্জ। নিষেধাজ্ঞার জন্য মোহাম্মদ মিঠুন ছিলেন না এই ম্যাচে। ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে তার অভাব বুঝতেই দেননি তিনে নামা নাহিদুল।
নাহিদুলের সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে ফিরে যান সৌম্য সরকার। রানে ফেরার লড়াইয়ে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেন টি-টোয়েন্টি মেজাজে। ১৪ বলে করেন ২৯, তিনটি চার আর দুটি ছক্কায়।
জুনায়েদ সিদ্দিকের সঙ্গে নাহিদুলের ১২৫ রানের তৃতীয় উইকেট জুটি রূপগঞ্জের জয়কে সময়ের ব্যাপারে পরিণত করে। নিজের প্রথম শতকের পথেই ছিলেন নাহিদুল। কিন্তু আব্দুর রহমানের বলে এলবিডব্লিউ হলে তাকে ফিরতে হয় হতাশা নিয়েই।
৮ রানের জন্য শতক না পাওয়া নাহিদুলের লিস্ট ক্রিকেটে আর একটিই অর্ধশতক আছে। লিগের শুরুতে ভিক্টোরিয়ার বিপক্ষে ৫৭ রান করেছিলেন তিনি।
মোশাররফের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া আসিফ আহমেদকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন জুনায়েদ। তিনি অপরাজিত থাকেন ৫৩ রানে।
এই জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে দুই নম্বরে রয়েছে রূপগঞ্জ। ১৪ পয়েন্ট নিয়ে তাদের ঠিক ওপরেই রয়েছে প্রাইম দোলেশ্বর।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল: ৪৫ ওভারে ১৮৪ (মামুন ২৪, মাহবুবুল ৪,মার্শাল ০, মাহমুদউল্লাহ ৩৫, সাদাত ৪১, সোহাগ ৩১, মুক্তার ১৯, জাবিদ ৩, আরাফাত ১, মাসুদ ৩, রহমান ১*; তাইজুল ৩/২৯, মুরাদ ৩/৪৮, আলাউদ্দিন ২/১৪, নাহিদুল ২/৩৮)
লেজেন্ডস অপ রূপগঞ্জ: ৩২.৫ ওভারে ১৮৫/৩ (জহুরুল ০, সৌম্য ২৯, নাহিদুল ৯২, জুনায়েদ ৫৩*, আসিফ ৭*; রহমান ১/১৭, মাসুদ ১/২৪, মাহমুদউল্লাহ ১/৪৬)
ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: নাহিদুল ইসলাম।
