২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সিরিজে নেই জিম্বাবুয়ের পানিয়াঙ্গারা

ভারতের বিপক্ষে পেস আক্রমণের সেরা অস্ত্র টিনাশে পানিয়াঙ্গারাকে পাচ্ছে না জিম্বাবুয়ে। চোটের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না এই পেসারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 10:05 PM

Updated : 12 Apr 2022, 02:11 AM

ভারত সিরিজের প্রাথমিক দলে ছিলেন ৩০ বছর বয়সী পানিয়াঙ্গারা। কিন্তু চোটের জন্য চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। এই পেসারের জায়গায় দলে এসেছেন টাওরাই মুজারাবানি।

শুক্রবার ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য দুটি পৃথক দল ঘোষণা করে জিম্বাবুয়ে ক্রিকেট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা পর্যালোচনার পর হ্যামিল্টন মাসাকাদজার নেতৃত্ব কেড়ে নেয় জিম্বাবুয়ে। বরখাস্ত করে কোচ ডেভ হোয়াটমোরকে।

চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না পারা লেগ স্পিনার গ্রায়েম ক্রেমারকে করা হয় অন্তর্বর্তীকালীন অধিনায়ক। তার নেতৃত্বেই মহেন্দ্র সিং ধোনিরদের বিপক্ষে খেলবে স্বাগতিকরা।

সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক টটেন্ডা টাইবুর নির্বাচক কমিটির আহ্বায়ক হওয়াটা বড় একটা চমকই ছিল। তবে তার নেতৃত্বাধীন কমিটির প্রথম দলে কোনো চমক নেই।

নেতৃত্ব হারানো হ্যামিল্টন মাসাকাদাজা আছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটি দলেই। সেখানে তার সঙ্গী এল্টন চিগুম্বুরা, সিকান্দার রাজা, শন উইলিয়ামস।

১১ জুন হবে প্রথম ওয়ানডে, পরের দুটি ১৩ ও ১৫ জুন। ১৮ জুন হবে প্রথম টি-টোয়েন্টি, পরের দুটি ২০ ও ২২ জুন। সব ম্যাচ হবে হারারেতে। 

জিম্বাবুয়ে ওয়ানডে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), টাওরাই মুজারাবানি, চামু চিবাবা, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ভুসি সিবান্দা, টাওরাই মুপারিওয়া, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, নেভিল মাডজিভা, ডোনাল্ড টিরিপানো, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসকাদজা, টেন্ডাই চিসোরো, হ্যামিল্টন মাসাকাদজা, টেন্ডাই চাটারা, ক্রেইগ আরভিন।