২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নুরুলের প্রথম শতকে জয়ে ফিরল প্রাইম ব্যাংক

টানা দুই ম্যাচ হারের পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লিস্ট ‘এ’ ক্রিকেটে উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসানের প্রথম শতকে লেজেন্ডস অব রূপগঞ্জকে ৬০ রানে হারিয়েছে শিরোপাধারীরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 06:14 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

পুরনো খবর:

মাহমুদুলের কাছে হারল আবাহনী
নাঈমের শতক ছাপিয়ে ফরহাদ-ইমতিয়াজ

সোমবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯৯ রান করে প্রাইম ব্যাংক।

মেহেদি মারুফের সঙ্গে এই ম্যাচে ইনিংস উদ্বোধন করেন এর আগে ৮ নম্বরে ব্যাট করা ইয়াসির আলী। ওপেনিংয়ে ভালো করতে পারেননি এই তরুণ। দুই রান করেই ফিরে যান তিনি।

ভালো করতে পারেননি তিন নম্বরে নামা সাব্বির রহমানও। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে শতক করার পর থেকে রানের জন্য সংগ্রাম করতে হচ্ছে তাকে। এই আইকন খেলোয়াড়ের শতকের পরের তিনটি ইনিংস এমন- ১, ১৩, ১১।

ইয়াসির-সাব্বিরের দ্রুত বিদায়ের কোনো প্রভাব পড়তে দেননি মারুফ। ৬৪ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংসে তিনিই দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। মারুফের সঙ্গে ৫২ ও শচিন রানার সঙ্গে ৯৮ রানের দুটি জুটিতে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন নুরুল।

শেষের দিকে তাইবুর রহমান ছাড়া আর কেউ ভালো না করায় তিনশ’ ছাড়ায়নি প্রাইম ব্যাংকের সংগ্রহ। তবে নুরুলের দৃঢ়তায় রূপগঞ্জকে বড় লক্ষ্যই দেয় দলটি।

তিন ম্যাচ আগে শেখ জামালের বিপক্ষে নুরুল পান লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতক। সেবার ৬৩ রান করেই থেমে যান এই তরুণ। এবার ফিরে যাওয়ার আগে পৌঁছান তিন অঙ্কে।

৫৫ বলে আসে নুরুলের অর্ধশতক। সমান তালে খেলে শতকে পৌঁছতে লাগে ১০৭ বল। শেষ পর্যন্ত ১১২ বলে করেন ১০৮ রান, ৭টি চার ও দুটি ছক্কায়।

জবাবে ৪৫ ওভার ৪ বলে ২৩৯ রানে অলআউট  হয়ে যায় রূপগঞ্জ।

আক্রমণাত্মক শুরু করে বেশিদূর যেতে পারেননি সৌম্য সরকার (১৫ বলে ১৭ রান)। দ্রুত ফিরে যান মিজানুর রহমান ও মোহাম্মদ মিঠুন।

৮৬ রানে চার উইকেট উইকেট হারানো রূপগঞ্জ প্রতিরোধ গড়ে জালাজ সাক্সেনা (৫২) ও আসিফ আহমেদর (৪৭) ব্যাটে। তাদের ৫৮ রানের জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে হার এড়ানে পারেনি দলটি।  

৩৭ রানে চার উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার রানা।

দারুণ শতকের জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন ২২ বছর বয়সী নুরুল।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৫০ ওভারে ২৯৯/৯ (মারুফ ৭৫, ইয়াসির ২, সাব্বির ১১, নুরুল ১০৮, রানা ৪০, শুভাগত ১১, তাইবুর ২৫, রায়হান ১৪*, রুবেল ২, নাজমুল ৩, মনির ১*; নাহিদুল ২/৩৮, আলাউদ্দিন ২/৪৫, আসিফ ২/৪৯, মোশাররফ ২/৫২, সৌম্য ১/১৩)  

লেজেন্ডস অব রূপগঞ্জ: ৪৫.৫ ওভারে ২৩৯ (জালাজ ৫২, সৌম্য ১৭, মিজানুর ১, মিঠুন ৬, মোশাররফ ২৫, আসিফ ৪৭, নাহিদুল ২৮, আলাউদ্দিন ৪, সাজ্জাদুল ১৬, তাইজুল ৮, হায়দার ২১*; রানা ৪/৩৭, রুবেল ২/২৪, নাজমুল ২/৪৪, মনির ১/৫০, রায়হান ১/৫৩)

ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৬০ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: নুরুল হাসান।