২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈমের শতক ছাপিয়ে ফরহাদ-ইমতিয়াজ

বিপর্যয়ে লড়াই করে শতক করেছেন নাঈম ইসলাম। তবে তার একার লড়াইয়ের পেরে ওঠেনি মোহামেডান। ফরহাদ রেজা, আল আমিন হোসেনদের দারুণ বোলিংয়ের পর ইমতিয়াজ হোসেনের ব্যাটে অনায়াসে জিতেছে প্রাইম দোলেশ্বর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 06:20 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

পুরনো খবর:

মাহমুদুলের কাছে হারল আবাহনী
নুরুলের প্রথম শতকে জয়ে ফিরল প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার লিগে ফর্মে থাকা দুই দলের লড়াইয়ে মোহামডান স্পোর্টিং ক্লাবকে পাত্তাই দেয়নি প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। নাঈমের সেঞ্চুরির পরও মোহামেডান করতে পেরেছিল ১৮৮। দোলেশ্বর ৬ উইকেটে জিতেছে ৫ বল বাকি রেখে।

এখনও পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে লিগে দুটি শতক করা ইমতিয়াজ কাছে গিয়েছিলেন আরেকটির। কিন্তু এনামুল জুনিয়রকে প্যাডল করতে গিয়ে এলবিডব্লিউ হয়েছেন ৮৮ রানে। এবারের লিগে প্রথম ব্যাটসম্যান হিসেবে চারশ’ রান অবশ্য স্পর্শ করেছেন (৪০৪) অভিজ্ঞ এই ডানহাতি ওপেনার।

টস জিতে বোলিং নেওয়া দোলেশ্বর ম্যাচের নিয়্ন্ত্রণও নিয়ে নেয় সকালেই। সৈকত আলির চোটে এবারের লিগে প্রথমবার সুযোগ পাওয়া অভিজ্ঞ নাজিমউদ্দিন রান আউট শুরুতেই।

ফর্মে থাকা দুই ব্যাটসম্যান ইজাজ আহমেদ ও উপুল থারাঙ্গাকে পরপর দুই ওভারে ফেরান আল আমিন।

এরপরই মোহামেডানকে সবচেয়ে বড় ধাক্কা দেন ফরহাদ। লেগ স্টাম্পে থাকা বল শাফল করে খেলতে গিয়ে বোল্ড মুশফিকুর রহিম (৮)।

৪২ রানে ৪ উইকেট হারানো মোহামেডানের এরপর ছিল শুধু টিকে থাকার লড়াই।

পঞ্চম উইকেটে আরিফুল হককে নিয়ে ৭৭ রানের জুটি গড়েন নাঈম। আরিফুল খেলছিলেন দারুণ। সম্ভাবনাময় ইনিংসটির অপমৃত্যু (২৯) দৃষ্টিকটু রান আউটে, যাতে দায়টা বেশি নাঈমেরই।

ষষ্ঠ উইকেটে নাঈমের সঙ্গে নাজমুল হোসেন মিলনের জুটি ৫৫ রানের। ‘ছক্কা মিলন’ খ্যাত ব্যাটসম্যান নিজের স্বভাববিরুদ্ধ খেলে বড় করতে পারেননি ইনিংস। ৩৬ বলে করেছেন ১৪।

এই ধরণের পরিস্থিতিতে বরাবরই চওড়া হয়ে যায় নাঈরে ব্যাট। এদিনও ছিল। একপাশ আগলে রেখেছেন দীর্ঘক্ষণ। ৮৭ বলে স্পর্শ করেছেন অর্ধশতক, ১৪৬ বলে শতক। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের যেটি তার পঞ্চম।

আরও কিছু রান বাড়ানোর জন্য মোহামেডান তাকিয়ে ছিল তার দিকেই। কিন্তু সেঞ্চুরির পরের বলেই নাঈমকে বোল্ড করে দেন ফরহাদ। দোলেশ্বর অধিনায়ক আগের বলেই ফিরিয়েছিলেন হাবিবুর রহমানকেও।

১৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে মোহামেডান গুটিয়ে যায় দুইশর আগেই।

ব্যাটিং উইকেটে এই রান লড়াই করার মতোও ছিল না। দোলেশ্বরও আত্মবিশ্বাসী সূচনায় ম্যাচ থেকে ছিটকে দেয় মোহামেডানকে। রবিউল ইসলামকে নিয়ে ইমতিয়াজের উদ্বোধনী জুটি ছিল ৫৩ রানের।

দ্বিতীয় উইকেটে রকিবুল হাসানের (২৫) সঙ্গে ইমতিয়াজের জুটি ৭২ রানের। ৩১ বছর বয়সী ইমতিয়াজ খেলেছেন দৃষ্টিননন্দন সব শট। সোজা ব্যাটে তার কিছু ড্রাইভ ছিল মনোমুগ্ধকর। শতকটা পেলেন না ক্ষনিকের অসতর্কতায় (৩ ছক্কায় ১০৯ বলে ৮৮)। বাকি কাজটুকু সেরেছেন নাসির হোসেন (৩৯ বলে অপরাজিত ৩৭)।

৭ ম্যাচে ৫ জয়ে দোলেশ্বর উঠে এলো দুইয়ে। মোহামেডান হারল টানা ৪ ম্যাচ জয়ের পর।

সংক্ষিপ্ত স্কোর:

মোহামেডান: ৪৭.৪ ওভারে ১৮৮ (ইজাজ ২, নাজিমউদ্দিন ০, থারাঙ্গা ১০, মুশফিক ৮, নাঈম ১০০, আরিফুল ২৯, মিলন ১৪, হাবিবুর ০, এনামুল ১, নাঈম জুনিয়র ৫, শুভাশিস ৪*; ফরহাদ ৩/২৬, আল আমিন ৩/৩৪, রেজাউল ২/২৪, নাসির ০/২৩, সানজামুল ০/৩২, রাহাতুল ০/৪২)।

দোলেশ্বর: ৪১.৩ ওভারে ১৯২/৪ (ইমতিয়াজ ৮৮, রবি ১৬, রকিবুল ২৫, চামারা ৬, নাসির ৩৭*, রনি ১২*; শুভাশিস ১/৪২, হাবিবুর ০/৪০, নাঈম জুনিয়র ০/৩৯, এনামুল জুনিয়র ১/৩৬, আরিফুল ২/৩৪)।

ফল: প্রাইম দোলেশ্বর ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: ফরহাদ রেজা।