ব্যাটিং তাণ্ডবে ডি ভিলিয়ার্স-কোহলির বিশ্ব রেকর্ড
গুজরাট লায়ন্সের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে শতক করেছেন এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের জুটি গড়ে নতুন করে লিখিয়েছেন নিজেদের রেকর্ড।
ডি ভিলিয়ার্স-কোহলির শতকে ৩ উইকেটে ২৪৮ রান করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ২২৯ রানের জুটি গড়েন তারা।
টি-টোয়েন্টিতে যে কোনো জুটিতে সর্বোচ্চ রান কোহলি-ডি ভিলিয়ার্সেরই ছিল। গত বছর ১৭ মে মুম্বাইয়ে স্বাগতিকদের বিপক্ষে অবিচ্ছিন্ন ২১৫ রানের জুটি গড়েছিলেন এই দুই জন।
মুখোমুখি হওয়া প্রথম বলে কোনো রান নেননি ডি ভিলিয়ার্স। দ্বিতীয় বলটি ছিল ওয়াইড। পরের বলে কাভার দিয়ে ছক্কা হাঁকিয়ে শুরু করেন তাণ্ডব। সতিশ কৌশিকের শর্ট বল পিছিয়ে গিয়ে কাভার দিয়ে সীমানার বাইরে পাঠান ডি ভিলিয়ার্স।
অর্ধশতকে পৌঁছতে ডি ভিলিয়ার্স খেলেন ২৫ বল। এই সময়ে তার ব্যাট থেকে আসে তিনটি ছক্কা ও ছয়টি চার। ফিফটির পর আরও আক্রমণাত্মক হয়ে উঠেন দক্ষিণ আফ্রিকার এই বিস্ফোরক ব্যাটসম্যান।
প্রভিন কুমার ১৬তম ওভারটি করতে আসার সময় ৩৭ বলে ডি ভিলিয়ার্সের রান ছিল ৭৭। সেই ওভারে ২৩ রান নিয়ে তিন অঙ্কে পৌঁছে যান তিনি। সে সময় বেঙ্গালুরু অধিনায়ক কোহলির রান ছিল ৪০ বলে ৫১।
অন্য প্রান্তে দাঁড়িয়ে ডি ভিলিয়ার্সের বিধ্বংসী ব্যাটিং দেখে যাওয়া কোহলি ১৯তম ওভারে চড়াও হন কৌশিকের ওপর। ৪৫ বলে ৬৫ রানে ব্যাট করা কোহলি সেই ওভারে ৩০ রান নিয়ে পৌঁছে যান ৯৫ রানে।
ডি ভিলিয়ার্স অপরাজিত থাকেন ১২৯ রানে। তার ৫২ বলের ইনিংসটি ১২টি ছক্কা ও ১০টি চার সমৃদ্ধ।
আইপিএলে এই প্রথম কোনো ম্যাচে একই দলের দুই ব্যাটসম্যান শতক পেলেন। টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় ঘটনা। ২০১১ সালে মিডলসেক্সের বিপক্ষে গ্লুস্টারশায়ারের কেভিন ও’ব্রায়েন (১১৯) ও হামিশ মার্শাল (১০২) প্রথম এই কৃতিত্ব দেখিয়েছিলেন।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভার ৪ বলে ১০৪ রানে গুটিয়ে যায় গুজরাট।
আইপিএলে রানের দিক থেকে সবচেয়ে বড়- ১৪৪ রানের জয়ে ১১ রানে চার উইকেট নেন ক্রিস জর্ডান। আইপিএলের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের ১৪০ রানের জয় ছিল এত দিন সবচেয়ে বড়।
