আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান মনোহর
সদ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো শশাঙ্ক মনোহর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রথম স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর এই দায়িত্ব পালন করবেন তিনি।
নতুন নিয়মে আইসিসি চেয়ারম্যানের পদে নির্বাচন হয় স্বাধীন প্রার্থীদের মধ্যে, যারা কোনো দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত নন। মনোহর এর আগে বিসিসিআইয়ের মনোনীত ব্যক্তি হিসেবে আইসিসি চেয়ারম্যান ছিলেন।
নতুন করে আইসিসির প্রধান হওয়ার জন্য দুই দিন আগে বিসিসিআই সভাপতি হিসেবে পদত্যাগ করেন মনোহর।
পরিবর্তিত নিয়ম অনুযায়ী আইসিসির পরিচালকরা একজন করে প্রার্থীর নাম প্রস্তাব করতে পারেন। মনোহর একমাত্র প্রার্থী থাকায় পরিচালনা পর্ষদের সবার সম্মতিতে বৃহস্পতিবার চেয়ারম্যান নির্বাচিত হন।
জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর গত অক্টোবরে দ্বিতীয়বারের মতো বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হয়েছিলেন ভারতের খ্যাতিমান আইনজীবী মনোহর। ভারতীয় বোর্ডের মনোনীত হিসেবে তিনি আইসিসির চেয়ারম্যানের দায়িত্বও পালন করে আসছিলেন। তবে মঙ্গলবার বিসিসিআই থেকে সরে দাঁড়ানোর পর আইসিসি ও এসিসির পদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানান তিনি।
