মাশরাফি-তামিমের কাছে ঢাকা লিগই সবচেয়ে গুরুত্বপূর্ণ
জাতীয় দলের বাইরে বেশির ভাগ ক্রিকেটারের রুটি-রুজির মূল উৎস ঢাকা প্রিমিয়ার লিগ। ক্রিকেটার তৈরির কারখানা এই টুর্নামেন্টে দেখা মেলে ঘরোয়া পর্যায়ে সবচেয়ে মানসম্মত ক্রিকেটের; প্রতিদ্বন্দ্বিতা, চাপ ও একাগ্রতায় যা আন্তর্জাতিক ক্রিকেটের কিছুটা কাছাকাছি। সব মিলিয়ে এই লিগকে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হিসেবে দেখছেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল।
শনিবার মাঠে গড়াচ্ছে ২০১৫-১৬ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। মাশরাফি খেলবেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে। বাংলাদেশ অধিনায়কের মতে, জাতীয় দলে ফিরতে ও ঢুকতে চাওয়া ক্রিকেটারদের বড় সুযোগ এই প্রিমিয়ার লিগ।
“ক্রিকেটার উঠে আসার সুযোগ আর কোথায়? বিপিএল থেকে ক্রিকেটার বাছাই করলে সেটা হবে সবচেয়ে খারাপ কিছু। সেখান থেকে টি-টোয়েন্টির কিছু ক্রিকেটার আসতে পারে। কিন্তু ভালো ক্রিকেটার আসবে প্রথম শ্রেণির ক্রিকেট ও ওয়ানডে ফরম্যাটের এই প্রিমিয়ার লিগ থেকে।”
“তরুণ ক্রিকেটার যারা খেলতে চায়, অনেকে যারা দলে আসা-যাওয়ার মধ্যে আছে, তাদের জন্য সুযোগ ঢাকা প্রিমিয়ার লিগ। অনেক ক্রিকেটার আছে, অল্পতে হতাশ হয়ে যায়। মিডিয়ায় দেখেছি তারা বলে ‘আমি ভাগ্যবান নই’। আমি বলব যে এটা নেতিবাচক চিন্তা। আমি তাদের বলব, সর্বোচ্চ পারফর্ম করে যেতে। তাহলে সুযোগ মিলবেই।”
লিগে আবাহনী লিমিটেডের অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠেও প্রায় একই সুর।
“প্রিমিয়ার লিগকে আমি মনে করি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরোয়া টুর্নামেন্ট। আমাদের জাতীয় দল ও আশেপাশে যারা আছে, তাদের ভালো সুযোগ। অনেকের অনেক কিছু মনে হতে পারে যে ভালো করছি কিন্ত সুযোগ মিলছে না। কিন্তু ধারণা বদলে দিতে সময় লাগে না। ভালো পারফর্ম করে গেলে এক সময় আর উপেক্ষা করা যায় না।”
বাংলাদেশের টেস্ট সহ-অধিনায়ক ব্যখ্যা করলেন কেন প্রিমিয়ার লিগ সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট।
“এই একটা টুর্নামেন্ট যেখানে প্রতিটি ক্রিকেটের প্রচণ্ড সিরিয়াস থাকে। এখানে অনেক কিছু আছে। এই টুর্নামেন্টের পারফরম্যান্স সবচেয়ে বেশি গোণায় ধরা হয়। আর্থিকভাবেও ক্রিকেটাররা তাকিয়ে থাকে এই টুর্নামেন্টের দিকে। আর ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দল ভালো করছে। অনেক দিন ওয়ানডে খেলি না আমরা, এই টুর্নামেন্ট সেদিক থেকেও উপকারে আসবে।”
