দাবদাহে শঙ্কা তামিম-মাশরাফির
এমনিতেই চরম গরমে কাহিল দেশের মানুষ। দাবদাহে প্রাণ প্রায় ওষ্ঠাগত সবার। এর মধ্যেই ঢাকা প্রিমিয়ার লিগে দিনজুড়ে খেলতে হবে ক্রিকেটারদের। মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের শঙ্কা, অনেক ক্রিকেটার না অসুস্থ হয়ে পড়েন!
এবারের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে দেশের নিয়মিত ক্রিকেট মৌসুম পেরিয়ে যাওয়ার পর। সাধারণত সেপ্টেম্বর-অক্টোবর থেকে মার্চ, টেনেটুনে মাঝ এপ্রিল পর্যন্ত চলে ক্রিকেট মৌসুম। এবার লিগ শুরুই হচ্ছে এপ্রিলের তৃতীয় সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর। ব্যাট-বলের লড়াইয়ের চেয়েও ক্রিকেটারদের যুদ্ধটা বেশি করতে হবে আবহাওয়ার সঙ্গে।
গত কয়েকদিনে অনুশীলনে টিকতেই হষ্ট হয়েছে ক্রিকেটারদের। দীর্ঘসময় ধরে ও খুব একাগ্র অনুশীলন করেনি কোনো দলই। লিগ শুরুর আগের দিন আবাহনী অধিনায়ক তামিম ইকবাল আলাদা করেই বললেন আবহাওয়া নিয়ে শঙ্কার কথা।
“গরম অবশ্যই ফ্যাক্টর হবে। অসম্ভব গরম। আশা করব, সবাই ফিট থাকবে। এই আবহাওয়ায় অসুস্থ হয়ে পড়াটা খুব অস্বাভাবিক কিছু হবে না।”
ফিটনেসের পরীক্ষাটা সবচেয়ে বেশি দিতে হবে পেস বোলারদের। পেসারদের প্রতিনিধি মাশরাফি পরামর্শ দিলেন ছোট স্পেলে বোলিংয়ের।
“পেস বোলারদের ছোট স্পেলে বল করতে হবে। অবশ্যই ম্যাচের পরিস্থিতি মাথায় রাখতে হবে। পরিস্থিতি দাবি করলে বেশি বল করতে হতেই পারে; তারপরও যতটা পারা যায়। ৫ ওভারের স্পেল না করে ৩ বা ৪ ওভারের করতে হবে।”
এই গরমে ব্যাটসম্যানদের জন্যও চ্যালেঞ্জ দেখছেন মাশরাফি।
“গরমে ক্র্যাম্প অনেক বেশি হবে। বিশেষ করে ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে। আগের রাত থেকেই প্রচুর পানীয় পান করা…এই ব্যাপারগুলো ঠিক রাখতে হবে। এরপরও ক্র্যাম্প হবেই, যে গরম! তারপরও যতটা কমানো যায়।”
তামিম ইকবাল এখানে দায়িত্ব দেখছেন জাতীয় দলের ক্রিকেটারদের।
“এখানেও আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের বেশি দায়িত্ব থাকবে। প্রিমিয়ার লিগের একজন তরুণ ক্রিকেটার হয়ত জানে না কি করতে হবে। আমরা জাতীয় দলে অনেক সুযোগ-সুবিধা পাই। আমরা জানি, কখন কি করতে হবে। এই ব্যাপারগুলি ওদের জানাতে হবে।”
শনিবার লিগের প্রথম দিনেই ফতুল্লায় মুখোমুখি হবে তামিমের আবাহনী ও মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র।
