২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজের হায়দরাবাদকে হারাল সাকিবের কলকাতা

‘কাটার’ করতে করতেই মুস্তাফিজুর রহমানের অসাধারণ এক ইয়র্কার। ভূপাতিত আন্দ্রে রাসেল, উড়ল বেলস। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে বেশ। দলের সেরা বোলারকে আক্রমণে না এনে প্রশ্নবিদ্ধভাবে অনেকটা সময় ধরে রাখলেন ডেভিড ওয়ার্নার। তাতে জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল কলকাতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 06:26 PM

Updated : 11 Oct 2022, 08:06 PM

বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজ রোববার আইপিএলে ছিলেন প্রতিপক্ষ। লড়াইয়ে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে কলকাতা। ২০ ওভারে ৭ উইকেটে ১৪২ রান তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা জিতে যায় ১০ বল বাকি থাকতে।

আগের ম্যাচেও প্রশ্ন উঠেছিল মুস্তাফিজকে ঠিকভাবে ব্যবহার করেতে পেরেছেন কিনা ওয়ার্নার। সেই প্রশ্নটি আরও উচ্চকিত হলো দ্বিতীয় ম্যাচে। পাওয়ার প্লেতে এক ওভার বোলিং করে মুস্তাফিজ দিয়েছিলেন ৩ রান। কিন্তু দারুণ এক উদ্বোধনী জুটিতে যখন ম্যাচ বের করে নিয়ে যাচ্ছেন গৌতম গম্ভীর ও রবিন উথাপ্পা, ওয়ার্নার তখনও ধরে রাখলেন মুস্তাফিজকে।

শেষ পর্যন্ত আবার যখন বল পেলেন মুস্তাফিজ, ১১ ওভারে ৮৬ রানের জুটি গড়ে ফেলেছেন গম্ভীর ও উথাপ্পা! এই ওভারে মুস্তাফিজ দেন ৫ রান। পরের ওভারে উথাপ্পাকে (৩৮) ফিরিয়ে ৯২ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আশিস রেড্ডি।

পরের ওভারেই মুস্তাফিজের ১৩৭ কিলোমিটার গতির সেই ইয়র্কার, ঠেকাতে গিয়ে ভূপাতিত রাসেল (২)। তবে ওই পর্যন্তই, উইকেট পড়েনি আর। মুস্তাফিজের শেষ ওভারে গম্ভীরের একটি চার ও ছক্কায় এসেছে ১৪ রান। অসাধারণ ইনিংসে শেষ পর্যন্ত ৫৮ বলে ৯০ রানে অপরাজিত গম্ভীর।

৪ ওভারে ২৯ রানে ১ উইকেট মুস্তাফিজের। মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নেমে ব্যাটিং পাননি সাকিব, এর আগে বল হাতে পাননি উইকেট। তবে ৩ ওভার বোলিং করেছেন বেশ নিয়ন্ত্রিত।

Image
মুস্তাফিজুর রহমানের ইয়র্কার সামলাতে গিয়ে ভূপাতিত কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান আন্দ্রে রাসেল; ভেঙে গেল তার স্টাম্প। ছবি: বিসিসিআই

মুস্তাফিজুর রহমানের ইয়র্কার সামলাতে গিয়ে ভূপাতিত কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান আন্দ্রে রাসেল; ভেঙে গেল তার স্টাম্প। ছবি: বিসিসিআই

পাওয়ার প্লেতে একটি ওভারসহ প্রথম স্পেলে ২ ওভারে মাত্র ৯ রান দিয়েছিলেন সাকিব। অধিনায়ক গম্ভীর আবার সাকিবের হাতে বল তুলে দেন স্লগ ওভারে। এবার শেষ বলে একটি ছক্কা হজম করলেও সাকিব দেন ৯ রান।

কিন্তু শেষ ৩ ওভারে পেস দিয়েই আক্রমণ চালিয়ে নেন গম্ভীর, আর বোলিংয়ে আনেননি সাকিবকে।

পেসাররা অবশ্য পারফর্ম করেছেন দারুণ। একটি রানআউট ছাড়া সানরাইজার্সের বাকি ৬ উইকেটই নিয়েছেন কলকাতার তিন পেসার। উমেশ যাদব ৩টি, মর্নে মর্কেল নিয়েছেন দুটি। বাকি একটি আন্দ্রে রাসেল।

ম্যাচের দ্বিতীয় বলেই পুল করতে গিয়ে ক্যাচ হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তবে বেঁচে যান মর্কেল নো বল করায়। তাতে অবশ্য ভোগান্তি খুব বেশি হয়নি কলকাতার। চতুর্থ ওভারেই দারুণ এক কাটারে ওয়ার্নারকে ফেরান যাদব।

মর্কেল এর আগেই ফিরিয়েছেন আরেক ওপেনার শিখর ধাওয়ানকে (৬)। ঠিক ৬ রান করে আউট হন ময়জেস হেনরিকেস ও দিপক হুদাও। দশম ওভারে ৫০ রানে ৪ উইকেট হারায় সানরাইজার্স।

সেখান থেকে হায়দরাবাদকে উদ্ধার করে ওয়েন মর্গ্যান ও নামান ওঝার জুটি। পঞ্চম উইকেটে ৪৭ বলে ৬৭ রানের জুটি গড়েন দুজন। জুটিতে অভিজ্ঞ সঙ্গীর তুলনায় বেশি আক্রমণাত্মক ছিলেন ওঝা।

এই জুটি ভাঙে অসাধারণ ক্যাচে। ওঝার শট লং অনে এক হাতে ধরেও ভারসাম্য হারিয়ে সীমানার বাইরে চলে যাচ্ছিলেন আন্দ্রে রাসেল। শেষ মুহূর্তে হাওয়ায় ভেসে বল ছুড়ে দেন ভেতরে, লং অফ থেকে ছুটে আসা পিযূষ চাওলা দুবারের চেষ্টায় হাতে জমান বল। ২৮ বলে ওঝা করেন ৩৮।

ওই ওভারেই ছক্কা মেরে অর্ধশত স্পর্শ করেন মর্গ্যান, ৪১ বলে। পরের ওভারেই উমেশ যাদবের বলে সাকিবের হাতে ক্যাচ হয়ে ফেরেন বাঁহাতি ব্যাটসম্যান (৫১)। শেষ দিকেও তাই খুব ঝড় তুলতে পারেনি সানরাইজার্স।

শেষ পর্যন্ত গড়তে পারে তারা মাঝারি স্কোর, যে স্কোর নিয়ে লড়াইটাও করা যায়নি ঠিকমত।