২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাপ্য সম্মানের কতটুকু পাচ্ছেন রাজ্জাক?

জাতীয় দলে আব্দুর রাজ্জাক ব্রাত্য দেড় বছর ধরে; রাখা হয় না কেন্দ্রীয় চুক্তিতে। ঘরোয়া ক্রিকেটে বল হাতে তিনি সেরা পারফরমার। অথচ এবার ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে তাকে রাখা হলো না ‘আইকন’ কিংবা ‘এ প্লাস’ গ্রেডে। প্রাপ্য সম্মান কি পাচ্ছেন অভিজ্ঞ এই স্পিনার?

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2016, 08:51 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

‘গ্রেড’ বঞ্চনার শিকার

মিরপুর একাডেমির জিমে গত কদিন ধরেই নিয়মিত মুখ রাজ্জাক। নিয়ম করে জিম করছেন আরও অনেকের সঙ্গে। কাজ করছেন ট্রেনারের সঙ্গে। আসছে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে। প্লেয়ার্স ড্রাফটের আগেই চূড়ান্ত হয়ে গেছে তার দল। দুজন পুরোনো ক্রিকেটার রাখার সুবিধা নিয়ে রাজ্জাককে ধরে রেখেছে গত মৌসুমের দল কলাবাগান।

তাতে উচ্ছ্বসিতই থাকার কথা রাজ্জাকের। পুরোনো একজনকে দল ধরে রাখছে মানে সম্মান জানাচ্ছে তার পারফরম্যান্সকে। কিন্তু এ বাঁহাতি স্পিনারের অনুভূতিটা মিশ্র। অভিজ্ঞতা, ক্রিকেটার হিসেবে অবস্থান কিংবা সাম্প্রতিক পারফরম্যান্স, যে কোনো বিচারেই রাজ্জাকের জায়গা হওয়ার কথা ‘আইকন’ গ্রেডে; অন্তত ‘এ প্লাস’ গ্রেডে তো বটেই। কিন্তু তাকে রাখা হয়েছিল ‘এ’ গ্রেডে! একজন সিনিয়র ক্রিকেটার এবং নিয়মিত পারফরমারের জন্য এটা চরম অস্বস্তিকর, তার প্রতি অসম্মানও।

প্রসঙ্গটি তুলতেই রাজ্জাকের মুখে ফুটে উঠল শুকনো হাসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তার কণ্ঠে উঠে এলো ক্ষোভ, হতাশা ও অসহায়ত্ব।

“একদম শেষ মুহূর্ত পর্যন্ত জানতাম না আমাকে কোন গ্রেডে রাখা হচ্ছে। অনেকের কাছে জানতে চেয়েও জানতে পারিনি। পরে দেখলাম এ গ্রেডে রাখা হয়েছে।”

“আমাকে জাতীয় দলে নেওয়া হয় না। এটা নিয়ে আমি কখনও কারও কাছে অভিযোগ করিনি, কাউকে অনুরোধ করতে যাইনি। নিজের কাজটা করে গেছি, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেছি। দেশের সফলতম ওয়ানডে বোলার বা সিনিয়র ক্রিকেটার হিসেবে বাড়তি সম্মানও আমি কখনও চাইনি। পারফরম্যান্স দিয়েই কথা বলেছি, চেয়েছি পারফরম্যান্সের মূল্যায়ন হোক। ঘরোয়া ক্রিকেটে আমার পারফরম্যান্স দেখুন, আর আপনারাই বলুন, কোন গ্রেডে রাখা উচিত ছিল!’

রাজ্জাকের কথামতো আলো ফেলা যাক ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্সে। জাতীয় দলে সবশেষ খেলেছেন ২০১৪ সালের অগাস্টে। এরপর জাতীয় লিগের দুটি আসরে খেলেছেন, বিসিএল খেলেছেন দুটি। ২০১৪-১৫ জাতীয় লিগে ৭ ম্যাচে নিয়েছিলেন ৪১ উইকেট, লিগের দ্বিতীয় সর্বোচ্চ। আর গত জাতীয় লিগে ৬ ম্যাচে ছিল ২৮ উইকেট।

গত ঢাকা প্রিমিয়ার লিগে ১০ ম্যাচ খেলেই নিয়েছিলেন ২১ উইকেট। আর বিসিএলের গত দুবারই তিনি সর্বোচ্চ উইকেট শিকারি। ২০১৪-১৫ মৌসুমে ৩ ম্যাচে নিয়েছিলেন ১৮ উইকেট। আর কদিন আগেই এবারের বিসিএলে ৬ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট। যেখানে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন অনেক পেছনে (মোহাম্মদ শরীফের ২১ উইকেট)।

ঘরোয়া ক্রিকেটে রাজ্জাক বরাবরই এমন ধারাবাহিক পারফরমার। সেখানেই কেন তিনি শীর্ষ দুই গ্রেডে নেই?

ক্রিকেটারদের গ্রেডিং ঠিক করেছে জাতীয় নির্বাচক কমিটি। কিন্তু প্রধান নির্বাচক ফারুক আহমেদ এই বিষয়ে কোনো মন্তব্য করতেই রাজি হলেন না। অনুসন্ধানে জানা গেল, নির্বাচকদের করে দেওয়া গ্রেডিং বদলে গেছে সিসিডিএমের (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) টেবিলে গিয়ে। গ্রেডিং বদলানোর এখতিয়ার তাদের ছিল। রাজ্জাকের গ্রেডিংয়ে পড়েছে সেই এখতিয়ারের কোপ।

সিসিডিএমের সদস্য সচিব রাকিব হায়দার পাভেল অবশ্য এটিকে ‘কোপ’ না বলে বোঝাতে চাইলেন বাস্তবতা।

“সিসিডিএমের মিটিংয়ে শুধু এই একজনেরই গ্রেডিং বদলে গেছে, রাজ্জাক। সে ঘরোয়া লিগের টপ পারফরমার অবশ্যই, কিন্তু ক্লাবগুলোর বাস্তবতা ও প্রয়োজনীয়তাও বুঝতে হবে। একজন বাঁহাতি স্পিনারকে তারা কেন ২৫ লাখ (এ প্লাস গ্রেডের পারিশ্রমিক) টাকায় নেবে!”

“আরাফাত সানির চাহিদাও অনেক বেশি ছিল। রানিং প্লেয়ারদের চাহিদা বেশি থাকে। সেই সানিকেও শেষ পর্যন্ত ‘এ’ গ্রেডে রাখা হয়েছে।”

রাজ্জাক প্রশ্ন করতে পারেন, স্রেফ বাঁহাতি স্পিনার বলেই যদি মূল্য কমে যায়, তাহলে ‘টপ পারফরমার’ হয়েই বা লাভ কী!

‘রানিং প্লেয়ার’ বলতে সিসিডিএম সদস্য সচিব বুঝিয়েছেন এখনকার জাতীয় দল ও আশেপাশের ক্রিকেটারদের। এখানেও উঠে যায় আরেকটি প্রশ্ন, গত কিছুদিন ধরে যেটি দেশের ক্রিকেটাঙ্গনেরই প্রশ্ন, কেন জাতীয় দলে নেই রাজ্জাক?

উপেক্ষার শিকার জাতীয় দলেও

বাদ পড়ার আগে ২০১৪ সালে রাজ্জাকের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি অবশ্যই। তবে এটাও মনে রাখা উচিত, বছরজুড়েই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে। জায়গা হারানোর পর যা করতে পারতেন, সেটার সর্বোচ্চটাই করে যাচ্ছেন তিনি; ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞার প্রতিফলনই যেন পড়েছে পারফরম্যান্সে, উইকেট নিয়েছেন নামতা গুণে। মেলেনি প্রতিদান।

২০১৫ বিশ্বকাপের দলে তাকে না রাখার পেছনে নির্বাচকদের সবচেয়ে বড় যুক্তি ছিল ফিটনেস। অস্ট্রেলিয়ার বড় মাঠে রাজ্জাকের ফিল্ডিং সামর্থ্য নিয়ে নির্বাচকদের ছিল প্রশ্ন। অথচ দলে তুলনামূলক অনেক তরুণের ফিল্ডিংও প্রশ্নবিদ্ধ! এই টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা গেছে, মাঠ সাজাতে হিমশিম খাচ্ছেন অধিনায়ক। কারণ মাঠে লুকিয়ে রাখার মত ফিল্ডার দলে বেশ কজন!

টিম ম্যানেজমেন্টের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে, কোচ চন্দিকা হাথুরুসিংহে চান না বলেই দলে ফেরানো যাচ্ছে না রাজ্জাককে। দায়িত্ব নেওয়ার শুরু থেকেই কোনো এক কারণে রাজ্জাককে দলে রাখার পক্ষপাতি ছিলেন না কোচ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও টিম ম্যানেজমেন্টের অন্যরা বেশ কবার রাজ্জাককে চেয়েও দলে নিতে পারেননি কেবল কোচের একগুঁয়ে মনোভাবের কারণে।

গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য রাজ্জাককে একটি ম্যাচে সুযোগ দিয়ে অবসর নিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছেন সেই প্রস্তাব। জোর করে চাপানো অবসরে রাজি হওয়ার কারণ খুঁজে পাননি স্বাভাবিকভাবেই। অবসরকে তিনি মনে করেন নিজের অধিকার।

সবশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আরাফাত সানি বোলিংয়ে নিষিদ্ধ হলে অধিনায়ক ও সিনিয়ার ক্রিকেটাররা বদলি হিসেবে চেয়েছিলেন রাজ্জাককে। নির্বাচকদেরও আপত্তি ছিল না। কিন্তু যথারীতি কোচ সায় দেননি। শেষ পর্যন্ত মেনে নিতে হয়েছে কোচের চাওয়াই। কোচের সব চাওয়াতেই প্রচ্ছন্ন সমর্থন ছিল ও আছে বোর্ডের। 

রাজ্জাকও তাই থেকে যাচ্ছেন উপেক্ষিত। কদিন আগের বিসিএলেই ৬ ম্যাচে তিনি বোলিং করেছেন ৩৫৫ ওভার। ম্যাচ প্রতি প্রায় ৬০ ওভার, যা তার ফিটনেসের খানিকটা প্রমাণ। পারফরম্যান্সের সাক্ষ্য হয়ে আছে উইকেট সংখ্যা।

তার পরও তিনি জাতীয় দলে উপেক্ষিত। ঘরোয়া ক্রিকেট বরাবরই তার অবারিত জগত, তার রাজত্ব। উপেক্ষার কোপ নেমে এসেছে এবার সেখানেও। গত কিছু দিনের গুঞ্জনটাই এখন উচ্চকিত এক প্রশ্ন। ওয়ানডে ইতিহাসে হ্যাটট্রিক করা প্রথম বাঁহাতি স্পিনার, দেশের সফলতম ওয়ানডে বোলার, অনেক ম্যাচ জয়ের নায়ক এবং ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমার রাজ্জাক কি যথাযোগ্য সম্মান পাচ্ছেন নিজ দেশের বোর্ডের কাছ থেকে?