২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে মেয়েদের বিশ্বকাপ উইন্ডিজের

টানা তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো শিরোপা জিততে ফাইনালে ৮ উইকেটে জিতেছে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 06:19 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

রোববার কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৪৮ রানের বড় সংগ্রহ গড়ে গত তিন আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

টুর্নামেন্টের সফলতম দলটির সংগ্রহ দেড়শ’ রানের কাছাকাছি নিয়ে যাওয়ায় সবচেয়ে বড় অবদান অধিনায়ক মেগ ল্যানিং ও এলিস ভিলানির। দ্বিতীয় উইকেটে ৭৭ রানের জুটির উপহার দেন এই দুই জনে।

ভিলানি ৫২ রান করতে খেলেন ৩৭ বল। তার আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৯টি চারে। ল্যানিং ৪৯ বলে ৫২ রান করতে ৮টি চার হাঁকান। শেষের দিকে ২৩ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন এলিসে পেরি। 

ওয়েস্ট ইন্ডিজের ডেনড্রা ডটিন ৩৩ রানে নেন দুই উইকেট।

জবাবে ৩ বল বাকি থাকতে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টে ফাইনালে এটাই অস্ট্রেলিয়ার প্রথম পরাজয়।

স্টেফানি টেইলরের সঙ্গে হেইলি ম্যাথিউসের ১২০ রানের জুটি প্রথম শিরোপার পথে নিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজকে। ষোড়শ ওভারে ম্যাথিউসের বিদায়ে ভাঙে দলটিকে দারুণ সূচনা এনে দেওয়া উদ্বোধনী জুটি।

৪৫ বলে ৬টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৬৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেন ম্যাথিউস। দলকে জয়ের খুব কাছে নিয়ে ফিরে যান অধিনায়ক টেইলর। ৫৭ বলে খেলা তার ৫৯ রানের ইনিংসটি সাজানো ৬টি চারে।

ব্রিটনি কুপারকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন ডটিন (১৮*)।

জয়ের পর মেয়েদের উদযাপনে যোগ দেন ড্যারেন স্যামি, আন্দ্রে রাসেলরাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তারা খেলবে ওয়েন মর্গ্যানের ইংল্যান্ডের বিপক্ষে।