পার্থক্য গড়েছে প্রথম ৬ ওভার
পাকিস্তানের কাছে বড় হার দিয়ে ‘আসল’ বিশ্বকাপ শুরু করায় ভীষণ হতাশ মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়ক মনে করছেন, দুই দলের প্রথম ৬ ওভারই সুপার টেনের এই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
বুধবার কলকাতার ইডেনে গার্ডেন্সে টস জিতে ব্যাট করতে নেমে ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫৫ রান। চলতি বছর আট টি-টোয়েন্টিতে এটি তাদের সর্বোচ্চ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, পাকিস্তানের এই উড়ন্ত সূচনা বাংলাদেশের বোলারদের চাপে ফেলে দেয়।
“ওরা যখন প্রথম ছয় ওভারে যে শটগুলো খেলছিল আমরা সেই চাপটা নিতে পারিনি। তখন থেকেই আমরা পিছিয়ে গিয়েছি। আমার মনে হয় (বোলাররা) সবাই ইতিবাচক ছিল। কিন্তু ওরা যখন আক্রমণ করেছে তখন আমরা পিছিয়ে যাই।”
২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ২ উইকেটে ৪৫ রান। মাশরাফি মানেন, বিশাল লক্ষ্য তাড়ার জন্য এটা আদর্শ সূচনা ছিল না।
“আমরা প্রথম ছয় ওভার থেকে খেলাটা ধরতে পারিনি। ওরা যে আক্রমণ করেছে সেগুলোতেই সাফল্য পেয়েছে। পরবর্তীতেও আমরা আমাদের পরিকল্পনা মত কাজ করতে পারিনি।”
