২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের কাছে হেরে স্কটল্যান্ডের বিদায়

টানা দ্বিতীয় হারে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রথম রাউন্ড থেকে ছিটকে পড়েছে স্কটল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১১ রানে হেরেছে প্রেস্টন মমসেনের দল। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 07:34 PM

Updated : 12 Apr 2022, 01:35 AM

নাগপুরে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারতি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১৯.৪ ওভারে ১৩৬ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। 
 
লক্ষ্য তাড়া করতে নেমে ২০ রানে ৪ উইকেট হারিয়ে দিগভ্রান্ত হয়ে পড়ে স্কটিশদের ইনিংস। তবে অধিনায়ক প্রেস্টন মমসেন ও রিচি বেরিংটনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল তারা। 
 
ষষ্ঠ উইকেটে ৬.৩ ওভারে ৫১ রান তোলেন মমসেন ও বেরিংটন। ভয়ঙ্কর হয়ে ওঠা এই জুটি ভাঙে ওয়েলিংটন মাসাকাদজার বলে মমসেন আউট হলে। ২৭ বলে দুটি চারে ৩১ রান করেন অধিনায়ক। 
 
বেরিংটনের সঙ্গে অষ্টম উইকেটে জন ডেভির ২৯ রানের জুটির কল্যাণে এর পরও জয়ের আশা বেঁচে ছিল স্কটল্যান্ডের। ৩৯ বলে ৩৬ রান করে টেন্ডাই চাটারার বলে বেরিংটন আউট হন। এর পর ১৩ বলে ২৪ রান করা ডেভিও ফিরে গেলে জয়ের আশা শেষ হয়ে যায় স্কটল্যান্ডের।  
 
৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সফলতম বোলার ওয়েলিংটন মাসাকাদজা। ২৪ রান দিয়ে ২ উইকেট নেন চাটারা। ২ উইকেট নিতে ডোনাল্ড টিরিপানো খরচ করেন ২০ রান।

জিম্বাবুয়ের শুরুটাও খুব একটা ভালো হয়নি। স্কোর বোর্ডে ১৭ রান জমা হতেই চতুর্থ ওভারে হ্যামিল্টন মাসাকাদজার উইকেট হারায় তারা। 
 
রান নেওয়ার সময় উইকেটের মাঝে ধাক্কা খান দুই ব্যাটসম্যান ভুসি সিবান্দা ও মাসাকাদজা। আর এ থেকেই রান আউটের সুযোগটি পায় স্কটল্যান্ড। অন্যদিকে সিবান্দাও চোয়ালে চোট পান। 
 
মাঠের মধ্যেই কিছুক্ষণ সেবা নিয়ে আবার ব্যাটিংয়ে ফিরলেও বেশিক্ষণ টিকতে পারেননি সিবান্দা। দলের ১৯ রানে আউট হয়ে ফেরেন তিনি। 
 
শন উইলিয়ামসের অর্ধশতকে লড়াই করার মতো পুঁজি গড়ে জিম্বাবুয়ে। চার নম্বরে ব্যাট করতে নেমে ৬টি চারে ৩৬ বলে ৫৩ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন এল্টন চিগুম্বুরা। রিচমন্ড মুতুম্বামি করেন ১৯ রান। 
 
স্কটল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন অ্যালাসডাইর ইভান্স, মার্ক ওয়াট ও সাফিয়ান শরিফ। 

নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড আফগানিস্তানের কাছে ১৪ রানে হেরেছিল। আর জিম্বাবুয়ে তাদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ওই একই ব্যবধানে জিতেছিল।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৪৭/৭ (সিবান্দা ৪, হ্যামিল্টন মাসাকাদজা ১২, মুতুম্বামি ১৯, উইলিয়ামস ৫৩, রাজা ৯, ওয়ালার ১৩, চিগুম্বুরা ২০, ওয়েলিংটন মাসাকাদজা ৪*; ওয়াট ২/২১, ইভান্স ২/৩০, শরিফ ২/৩১)।

স্কটল্যান্ড: ১৯.৪ ওভারে ১৩৬ (মুনসে ৮, কোয়েটজার ৩, ক্রস ০, মাকান ৯, বেরিংটন ৩৬, লিস্ক ৯, মমসেন ৩১, শরিফ ১, ডেভি ২৪, ওয়াট ৯*, ইভান্স ০; ওয়েলিংটন মাসাকাদজা ৪/২৮, টিরিপানো ২/২০, চাটারা ২/২৪, পানিয়াঙ্গারা ১/২০, উইলিয়ামস ১/২২)।

ফল: জিম্বাবুয়ের ১১ রানে জয়ী।

ম্যাচ সেরা: ওয়েলিংটন মাসাকাদজা (জিম্বাবুয়ে)।  

গ্রুপ 'বি': পয়েন্ট টেবিল

দল

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

রান রেট

জিম্বাবুয়ে

২

২

০

৪

+০.৬২৫

আফগানিস্তান

১

১

০

২

+০.৭০০

স্কটল্যান্ড

২

০

২

০

-০.৬২৫

হংকং

১

০

১

০

-০.৭০০