‘বাংলাদেশ পরিষ্কার ফেভারিট’
টানা দ্বিতীয়বারের মতো প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছেন পিটার বোরেন। তবে নেদারল্যান্ডস অধিনায়কের পা মাটিতেই রয়েছে। বাংলাদেশকে সমীহ করেই হারানোর ছক কষছেন তিনি।
অন্য দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও ওমানের প্রতিও সমীহের কমতি নেই বোরেনের। তবে তার কাছে নিজেদের গ্রুপে পরিষ্কার ফেভারিট বাংলাদেশ।
“বাংলাদেশ ও আয়ারল্যান্ড খুব ভালো ক্রিকেট খেলছে। আয়ারল্যান্ড আগেও ভালো করেছে। আমরাও গতবার প্রথম রাউন্ড পার হয়ে চূড়ান্ত পর্বে খেলেছিলাম। আমার কাছে এটাকে কঠিন গ্রুপ মনে হচ্ছে।”
এশিয়া কাপে বাংলাদেশের খেলা দেখেছেন বোরেন, “ওরা যোগ্য দল হিসেবেই ফাইনালে খেলেছে। ওদের কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আছে আর ওরা ছন্দেও আছে, শুধু এখন না গত কিছু দিন ধরেই।”
“ওদের বিপক্ষে খেলা হবে খুব রোমাঞ্চকর ব্যাপার। আশা করি, এশিয়া কাপ ওদের কিছুটা ক্লান্ত করে তুলেছে। আর এটা টি-টোয়েন্টি ক্রিকেট,” যোগ করেন নেদারল্যান্ডসের অধিনায়ক।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিংয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বোরেন। তিন পেসার মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও তাসকিন আহমেদও নেদারল্যান্ডস অধিনায়কের শ্রদ্ধা আদায় করে নিয়েছেন।
