ভিত গড়ে দিয়েছে তাসকিন
শুরুর দিকে পাকিস্তানের ব্যাটসম্যানদের উইকেটে বেঁধে রাখা পেসার তাসকিন আহমেদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশের পেস বোলিং আক্রমণের ধার অনেকটাই কমেছে। আগের তিন ম্যাচে চার পেসার নিয়ে খেলা স্বাগতিকরা পাকিস্তানের বিপক্ষে তিন পেসার নিয়ে খেলায় মাশরাফি-তাসকিন-আল আমিন হোসেনদের ওপর চাপ অনেক বেশি ছিল।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছানোর পর টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিং করে চলা তাসকিনের অবদানের কথা মনে করিয়ে দিয়েছেন মাশরাফি।
“ভাগ্য ওর সাথে ছিল না। ওর বলে কিছু ক্যাচ মিস হয়েছে। কিন্তু ও মানসিকভাবে শক্ত ছিল। নিজের কাজটা করে গেছে আজ তার ফল পেয়েছে। এমনিতে মুস্তাফিজ যে কাজটা করে আজ সেই কাজটা তাসকিন করেছে।”
নিজের প্রথম তিন ওভারে মাত্র দুই রান দেন তাসকিন। তার প্রথম ওভারটি কোনোমতে কাটিয়ে দেওয়া খুররম মনজুর পরের ওভারেই ফিরে যান। ম্যাচের তৃতীয় ওভারটি মোহাম্মদ হাফিজের কাছ থেকে মেডেন নেন তাসকিন।
পরের ওভারে ফিরে যান হাফিজও। নবম ওভারে ফিরে উমর আকমলকে ফেরান তাসকিন। ১৯তম ওভারে ফিরে ১২ রান দেওয়া এই পেসারের বোলিং ফিগার এমন ৪-১-১৪-১।
“আমাদের ভিত গড়ে দেয় তাসকিনই। চমৎকার একটি প্রথম স্পেল করেছিল সে। পরে তৃতীয় ওভারেও খুব ভালো করেছে।“
