২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে খেলার কথা সতীর্থদের বলেছিলেন মাশরাফি

ভারতের কাছে হার দিয়ে এশিয়া কাপ শুরু হওয়ার পর বাংলাদেশের সম্ভাবনা নিয়ে অন্যদের যে ভাবনাই থাকুক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের দলকে দেখছিলেন ফাইনালে। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 01:30 AM

Updated : 12 Apr 2022, 01:33 AM

হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ পরের তিন ম্যাচে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে পৌঁছেছে ফাইনালে। আগামী রোববার শিরোপাধারী নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে স্বাগতিকরা।

বুধবার পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয়ের পর মাশরাফি জানান, ভারত ম্যাচের পরই ফাইনালে খেলার আত্মবিশ্বাস জন্মায় তার।

“ওটা একটা বড় ম্যাচ ছিল। আমাদের বিশ্বাস ছিল, আমরা যদি ওই ম্যাচটি জিতি তাহলে টুর্নামেন্টে ভালো একটা জায়গায় যেতে পারব। আমরা ব্যাটিংয়ে না পারলেও বোলিংয়ে আমরা একটি জায়গা পর্যন্ত ভালো অবস্থায় ছিলাম।”

“প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে, আমরা ফাইনাল খেলতে পারি। আমার বিশ্বাস ছিলো। সত্যি কথা বলতে, আমার অনেক বিশ্বাস ছিল আমরা ফাইনাল খেলতে পারি। আর এ কথটা আমি আমার সতীর্থেদের বলেছিলাম।”

মাশরাফি জানান টুর্নামেন্টের শুরুতে ফাইনালের লক্ষ্য তাদের ছিল না, “আমরা ‘ম্যাচ বাই ম্যাচ’ এগিয়ে গেছি। শ্রীলঙ্কার বিপক্ষে জেতার পর মূলত চিন্তা আসে যে একটা ম্যাচ জিততে পারলে ফাইনাল খেলতে পারব।”

পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি জিতল বাংলাদেশ। গত বছর বাংলাদেশ সফরে একমাত্র টি-টোয়েন্টিতে হেরেছিল শহিদ আফ্রিদির দল। তবে এবারের জয়কে এগিয়ে রাখছেন মাশরাফি।

“এটাকে অন্যতম একটি জয় বলা যায়। কারণ, অনেক ম্যাচই আছে যেগুলো আমরা গুরুত্বপূর্ণ সময়ে জিতেছি। তবে টি-টোয়েন্টি ম্যাচ হিসেব করলে এটা সেরা একটি জয়।”

পুরনো খবর:

স্বপ্নের ফাইনালে বাংলাদেশ