মালিক, আকমলের ব্যাটে পাকিস্তানের জয়
মাঝারি পুঁজি নিয়ে এক সময়ে পাকিস্তানকে চাপে ফেলেছিল সংযুক্ত আরব আমিরাত। কিন্তু শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি বাছাই পর্ব পেরিয়ে আসা দলটি। শোয়েব মালিক ও উমর আকমলের দারুণ ব্যাটিংয়ে এশিয়া কাপে প্রথম জয় পেয়েছে শহিদ আফ্রিদির দল।
পাকিস্তানের ৭ উইকেটের জয়ে বড় অবদান রয়েছে পেসার মোহাম্মদ আমিরেরও। চার ওভারে মাত্র ৬ রান দিয়ে দুই উইকেট নেন তিনি।
সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৯ রান করে আরব আমিরাত। জবাবে ১৮ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে আমজাদ জাভেদের দারুণ বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ১৭ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যানকে হারায় দলটি। আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে শারজিল খান এলবিডব্লিউ হওয়ার পর বাজে শট খেলে ফিরে যান খুররম মনজুর ও মোহাম্মদ হাফিজ।
শুরুতে দেখেশুনে খেলে দলকে এগিয়ে নিতে থাকেন আকমল ও মালিক। এক সময়ে ওভার প্রতি প্রয়োজন দাঁড়ায় প্রায় ১০ রান। এমন সময়ে একটা সুযোগ দেন মালিক। সে সময় ৪১ রানে ব্যাট করছিলেন তিনি। সীমানায় সহজ সেই সুযোগটি কাজে লাগাতে পারেননি উসমান মুশতাক।
জীবন পাওয়ার পর আর পেছনে তাকাননি মালিক। চার-ছয়ের ঝড় তুলে দলকে সহজ জয় এনে দেন তিনি। শেষ পর্যন্ত ৬৩ রানে অপরাজিত থাকেন মালিক। তার ৪৯ বলের ইনিংসটি ৭টি চার ও ৩টি ছক্কা সমৃদ্ধ।
অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ১১৪ রানের জুটি উপহার দেওয়া আকমল অপরাজিত থাকেন ৫০ রানে। তার ৪৬ বলের ইনিংসটি সাজানো দুটি চার ও তিনটি ছক্কায়।
আমিরাতের অধিনায়ক আমজাদ তিন উইকেট নেন ৩৬ রানে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতেরও শুরুটা ভালো হয়নি। ১২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি।
আনোয়ারের ব্যাটে প্রতিরোধ গড়া আমিরাতের ওপর চাপ ধরে রাখতে পারেননি পাকিস্তানের স্পিনাররা। আফ্রিদি, মোহাম্মদ নওয়াজ, মালিকদের সহজেই সামলায় আকিব জাভেদের শিষ্যরা।
মোহাম্মদ ইরফানের বলে সরফরাজ আহমেদের গ্লাভসবন্দি হওয়ার আগে ৪২ বলে ৪৬ রানের দৃঢ়তাভরা এক ইনিংস খেলেন আনোয়ার। ৫টি চার ও দুটি ছক্কায় দেখানো আনোয়ারের পথে হাঁটেন মুহাম্মদ উসমান ও আমজাদ।
শেষের দিকে ইরফান ও মোহাম্মদ সামির ওপর চড়াও হন উসমান-আমজাদ। উসমানকে (১৭ বলে ২১) বোল্ড করে তাদের ৪৬ রানের জুটি ভাঙেন অসাধারণ বোলিং করা আমির।
শেষ পর্যন্ত ১৮ বলে ২৭ রানে অপরাজিত থাকেন আমজাদ।
সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১২৯/৪ (মুস্তফা ১, কালিম ১, শাহজাদ ৫, আনোয়ার ৪৬, মুশতাক ৯, উসমান ২১, আমজাদ ২৭*, নাভেদ ১০*; আমির ২/৬, ইরফান ২/৩০, আফ্রিদি ১/২৪, সামি ১/২৮)
পাকিস্তান: ১৮.৪ ওভারে ১৩১/৩ (হাফিজ ১১, শারজিল ৪, মনজুর ০, আকমল ৫০*, মালিক ৬৩*; আমজাদ ৩/৩৬)
