নিজের জন্য খেলি না: সাব্বির
ব্যক্তিগত অর্জন কখনও গুরুত্বপূর্ণ নয় সাব্বির রহমানের কাছে। এই তরুণ টপ অর্ডার ব্যাটসম্যানের কাছে সব সময় দলের প্রয়োজনটা আগে।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে বাংলাদেশকে দ্বিতীয় জয় এনে দিতে ৮০ রানের চমৎকার এক ইনিংস খেলেন সাব্বির। তার ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে লড়াইয়ের পুঁজি গড়ে বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে চতুর্থ সর্বোচ্চ রানের ইনিংস খেলেন সাব্বির। তৃতীয় বলেই ক্রিজে আসা এই ডানহাতি ব্যাটসম্যানের সুযোগ ছিল টি-টোয়েন্টিতে দেশের হয়ে প্রথম শতক করার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সাব্বির জানান, ব্যাটিংয়ের সময় কখনও শতক-অর্ধশতকের কথা ভাবেন না তিনি।
“আমি কখনও নিজের রান নিয়ে ভাবি না। আমি দলের প্রয়োজনে খেলি। দলের জয়ে যদি এক রান করতে পারি তাতেই আমি খুশি। সেঞ্চুরির কথা আজ চিন্তাই করিনি।”
ভারতের আইপিএলসহ বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ নিয়েও কোনো ভাবনা নেই বাংলাদেশের এই টি-টোয়েন্টি বিশেষজ্ঞের।
“আমি আসলে এখনও বাইরের কোনো লিগ নিয়ে ভাবছি না। এখন আমার সম্পূর্ণ মনোযোগ নিজের খেলা নিয়ে। প্রতিদিন আমি উন্নতি করতে চাই। তিন নম্বরে চেষ্টা করেছি দলের জন্য অবদান রাখতে। আশা করি, পরের ম্যাচগুলোতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে পারব।”
শ্রীলঙ্কাকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
