শেষের জন্যই মুস্তাফিজকে রেখেছিলেন মাশরাফি
উইকেটের আচরণ বুঝে শেষের দিকের জন্য মুস্তাফিজুর রহমানের ৩ ওভার রেখে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। দারুণ ভাবে সফল হয়েছে বাংলাদেশ অধিনায়কের এই কৌশল।
৪ ওভারে ১৯ রানে ১ উইকেট, মুস্তাফিজের উইকেট সংখ্যা দেখে দারুণ কিছু মনে হওয়ার কথা নয়। কিন্তু রোববার বাংলাদেশের জয়ে ঠিকই দারুণ ভূমিকা ছিল তার দ্বিতীয় স্পেলের।
প্রথম স্পেলে ১ ওভার করিয়েই মুস্তাফিজকে সরিয়ে নিয়েছিলেন মাশরাফি। দ্বিতীয় উইকেটে শ্রীলঙ্কা বেশ বড় জুটি গড়েছে, তার পরও তখন বাংলাদেশের মূল অস্ত্রকে আক্রমণে আনেননি অধিনায়ক।
আনলেন ১৩ ওভার শেষে, শ্রীলঙ্কার দরকার যখন ৭ ওভারে ৬৪। ৭ উইকেট হাতে নিয়ে এই সমীকরণ মেলানো খুব দুরূহ ছিল না। উইকেট ছিলেন থিসারা পেরেরা, দু দলের সবশেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে যিনি ছিলেন নায়ক।
কিন্তু মুস্তাফিজ বোলিংয়ে ফিরেই আউট করলেন পেরেরাকে। দ্বিতীয় স্পেলে ৩ ওভারে দিলেন মাত্র ১৩ রান। লঙ্কানরা আর নিতে পারেনি ম্যাচের নিয়ন্ত্রণ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি ব্যখ্যা করলেন মুস্তাফিজের ৩ ওভার রেখে দেওয়ার কারণ।
“যদি শিশির থাকত, বল স্কিপ করত, তাহলে হয়ত প্রথম স্পেলে আরও বোলিং করাতাম। কিন্তু প্রথম ওভার করানোর পরই দেখলাম উইকেট গ্রিপ করছে। এজন্য ওকে শেষের জন্য রেখে দিয়েছিলাম। জানতাম গ্রিপ করলে শেষের দিকে ওকে খেলা কঠিন হবে। পরিকল্পনা যা ছিল, সফল হয়েছে।”
