২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের পেস আক্রমণের জবাব ‘জানা আছে’ শ্রীলঙ্কার

বাংলাদেশের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন লাসিথ মালিঙ্গা। তবে লঙ্কান অধিনায়ক এটাও জানিয়ে দিয়েছেন, এই পেস আক্রমণকে মোকাবেলার পথও জানা আছে তার দলের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 07:08 PM

Updated : 11 Oct 2022, 07:50 PM

পুরনো খবর:

জয়া-সাঙ্গা বিহীন লঙ্কাকেও একই সমীহ মাশরাফির
মালিঙ্গাকে নিয়ে আলাদা ভাবনা নেই বাংলাদেশের

বরাবরই স্পিন নির্ভর দল হিসেবে বাংলাদেশের পরিচিতি থাকলেও গত বছর থেকে বদলে গেছে দৃশ্যপট। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সীমিত ওভারের ক্রিকেটে একরকম পেস বিপ্লবই হয়ে গেছে বাংলাদেশের। ঘরের মাটিতে মন্থর উইকেটে ওয়ানডেতে চার পেসার নিয়ে খেলেছে বাংলাদেশ।

এবার এশিয়া কাপের উইকেটে সবুজের ছোঁয়া থাকছে নিয়মিতই। বাংলাদেশও তাই প্রতি ম্যাচেই একাদশ সাজাচ্ছে চার পেসার নিয়ে। সহায়ক উইকেটে দারুণ বোলিংও করছেন মাশরাফি-মুস্তাফিজ-তাসকিন-আল আমিনরা।

রোববার এই পেস আক্রমণকে সামলাতে হবে লঙ্কান ব্যাটসম্যানদের। তবে ম্যাচের আগের দিন ফতুল্লায় অনুশীলনে অধিনায়ক মালিঙ্গা জানালেন, প্রস্তুত তারাও।

“বাংলাদেশের বোলিং আক্রমণ অবশ্যই ভালো। আমরা সবাই সেটা জানি। তবে এটা নির্ভর করে নিদিষ্ট ম্যাচের ওপর, কোন ম্যাচে তারা কতটা ভালো করতে পারে। আমরা জানি, ঠিক কিভাবে ওদের পেস আক্রমণের মোকাবেলা আমাদের করতে হবে। আমরা সেটি করতেই মুখিয়ে আছি।”

বাংলাদেশের তরুণ বাঁহাতি পেস সেনসেশন মুস্তাফিজুর রহমানের প্রশংসায় অবশ্য অকৃপণ শ্রীলঙ্কান পেসার।

“বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং বিশ্ব ক্রিকেটের জন্য মুস্তাফিজ দারুণ এক সম্পদ। সে খুব ভালো করছে। আশা করি, লম্বা ক্যারিয়ার অপেক্ষা করছে ওর জন্য।”