মালিঙ্গাকে নিয়ে আলাদা ভাবনা নেই বাংলাদেশের
এশিয়া কাপের প্রথম ম্যাচেই দারুণ বোলিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে কাঁপিয়ে দিয়েছেন লাসিথ মালিঙ্গা। তবে সাব্বির রহমান জানালেন, লঙ্কান অধিনায়ককে নিয়ে আলাদা কোনো ভাবনা নেই বাংলাদেশের।
লম্বা চোট কাটিয়ে এশিয়া কাপ দিয়েই মাঠে ফিরেছেন মালিঙ্গা। প্রথম ম্যাচে প্রথম ওভারেই নিয়েছেন ২ উইকেট। ২৬ রানে ৪ উইকেট নিয়ে জিতিয়েছেন শ্রীলঙ্কাকে। ম্যাচ শেষে লঙ্কান পেসার বলেছিলেন, ফেরার ম্যাচে সামর্থ্যের কেবল ৬০-৭০ ভাগই দিতে পেরেছেন।
শতভাগ দিতে পারলে আরও ভয়ঙ্কর হয়ে ওঠার কথা মালিঙ্গার। সেদিক থেকে বাংলাদেশের শঙ্কার জায়গাও থাকে। রোববারই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
তবে সেই দুর্ভাবনা উড়িয়ে দিলেন সাব্বির। শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনে এসে বাংলাদেশের এই ব্যাটসম্যান জানালেন, বোলার নয়, বল দেখে খেলবে দল।
প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বেশি রান করছিলেন সাব্বিরই। জানালেন, সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে জয় ফিরিয়েছে দলের আত্মবিশ্বাস।
“প্রথম ম্যাচে হারের পর আমাদের আত্মবিশ্বাস অনেকটা কমে গিয়েছিল। আমিরাতের বিপক্ষে জয়টা কাজে দিয়েছে। খুব ভালো ভাবে জিতেছি বলে আত্মবিশ্বাস বেড়ে গেছে। আশা করি, সামনের ম্যাচে এই আত্মবিশ্বাস দলের কাজে লাগবে।”
