ব্যাটসম্যানদের এগিয়ে আসার আহ্বান মাশরাফির
এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে ব্যাটিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পরের দুই ম্যাচে ব্যাটসম্যানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ভারতের বিপক্ষে সাব্বির রহমান ছাড়া আর কেউ ভালো করতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মোহাম্মদ মিঠুনের ভালো একটি ইনিংসে বড় সংগ্রহের পথে ছিল স্বাগতিকরা। কিন্তু মাহমুদউল্লাহ ছাড়া আর কেউ ভালো করতে না পারায় সংগ্রহ খুব একটা বড় হয়নি মাশরাফিদের।
ভারত ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংকে বাস্তবতা হিসেবে মেনে নিচ্ছেন মাশরাফি। তবে অধিনায়কের বিশ্বাস, এর চেয়ে অনেক ভালো করার সামর্থ্য তাদের রয়েছে।
“এই দুই ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচে বা এর আগে আন্তর্জাতিক ম্যাচগুলোতে আমরা দেড়শ’ রান করেছি। এখানে করতে না পারার কোনো কারণ নেই। এই দুই ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হয়নি।”
ভারতের বিপক্ষে ১৬৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেটে ১২১ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। মাশরাফি মনে করেন, সেই লক্ষ্য তাড়া করে জেতার মতো ছিল।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৭০ রান। সে সময় দেড়শ’ রানের কথা ভেবেছিলেন বলে জানান স্বাগতিক অধিনায়ক। ব্যাটিং ব্যর্থতায় শেষ ১১ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৩ রান যোগ করে বাংলাদেশ। এর মধ্যে ১৭ রান আসে শেষ ওভার থেকে।
মাঝের ওভারগুলোর ব্যাটিং নিয়ে দুর্ভাবনা রয়েছে বাংলাদেশের। বিশেষ করে জুটি ভাঙার পর দ্রুত কয়েক উইকেট হারানোর প্রবণতা থেকে বের হয়ে আসতে সতীর্থদের তাগিয়ে দিয়েছেন অধিনায়ক।
“আজকে ভালো একটা জুটির পর আমরা অন্তত দেড়শ’ রান করতে পারতাম। কিন্তু পারিনি। বেশিরভাগ ম্যাচে মাঝের ওভারগুলোতে দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে আমরা চাপে পড়ে যাচ্ছি। আমাদের এর থেকে বের হয়ে আসতে হবে।”
