২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওভারই লক্ষ্য ছিল বাংলাদেশের

বাংলাদেশ ইনিংসের শেষ ওভারে ১৭ রান নিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন ম্যাচ সেরা মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, রান যতটা সম্ভব বাড়িয়ে নিতে শেষ ওভারই ছিল তাদের লক্ষ্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 11:45 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

১৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৭ উইকেটে ১১৬ রান। অফ স্পিনার রোহান মুস্তফাকে চার হাঁকিয়ে শুরু করেন মাহমুদউল্লাহ। পরের দুই বলে চার রান নেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।

চতুর্থ বলটি পান নিজের জোনে। সেই বলটি ডিপ উইকেট দিয়ে উড়িয়ে সীমানা ছাড়া করেন মাহমুদউল্লাহ। পরের দুই বলে তিন রান নিয়ে দলের সংগ্রহ ১৩০ পার করেন তিনি। শেষ পর্যন্ত এই রানই যথেষ্ট বলে প্রমাণ হয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, অফ স্পিনারের ওপর চড়াও হওয়ার কথা আগেই তারা ভেবে রেখেছিলেন।

“আমরা জানতাম ওদের অফ স্পিনারের (রোহান) এক ওভার রয়েছে। সেই ওভারই আমাদের লক্ষ্য ছিল। আমরা সেই ওভারে যতটা সম্ভব রান বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলাম।”

শেষ ওভারের শুরুতে মাহমুদউল্লাহ স্ট্রাইকে থাকায় বাংলাদেশের জন্য খুব ভালো হয়েছে বলে মনে করেন অধিনায়ক।

“রিয়াদ (মাহমুদউল্লাহ) সে সময় ক্রিজে থাকায় লক্ষ্য পূরণ হয়েছে। সে খুব দায়িত্বশীল একটি ইনিংস খেলেছে। তার এই ইনিংসটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।”