২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওভারে স্ট্রাইক পেতে মরিয়া ছিলেন মাহমুদউল্লাহ

বাংলাদেশের ইনিংসের শেষ ওভারে মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিং বদলে দিয়েছে ম্যাচের মোড়। এই অলরাউন্ডার জানালেন, যে করেই হোক স্ট্রাইক পেতে চাইছিলেন শেষ ওভারে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2016, 11:50 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

ইনিংসের মাঝপথ থেকে শেষ ওভারের আগ পর্যন্ত ধুঁকছিল বাংলাদেশের ব্যাটিং। প্রথম ১০ ওভারে ৭৪ রান এলেও পরের ৯ ওভারে উঠেছে মাত্র ৪২! ১৯তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে শেষ ওভারে স্ট্রাইক নেন মাহমুদউল্লাহ। বোলিংয়ে ছিলেন রোহান মুস্তাফা।

প্রথম ৩ ওভারে মাত্র ১৩ রান দিয়েছিলেন এই অফ স্পিনার। কিন্তু শেষ ওভারে দুর্দান্ত ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ নেন ১৭ রান! ওভারের প্রথম বলেই প্যাডল সুইপে মারেন চার। চতুর্থ বলে স্লগ করে মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা। ছিল আরও ৩টি ডাবল।

পরে দারুণ এক ক্যাচ নিয়ে ও বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টিতে এই প্রথমবার তিনি হলেন ম্যান অব দা ম্যাচ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহমুদউল্লাহ জানালেন, খুব করে চাইছিলেন শেষ ওভারে স্ট্রাইক নিতে।

“প্রক্রিয়াটা শুরু হয়েছিল আসলে ১৯তম ওভারেই। শেষ বলে যে করেই হোক সিঙ্গেল নেব বলে ঠিক করেছিলাম। শেষ ওভারে স্ট্রাইক পেতে চাইছিলাম খুব করে।”

ওয়ানডেতে মাহমুউল্লাহ এখন ওপরে ব্যাটিং করলেও টি-টোয়েন্টিতে নিতে হচ্ছে ফিনিশারের ভূমিকা। তাতে আপত্তি নেই মাহমুদউল্লাহর। জানালেন, অপেক্ষা করছিলেন নিজের শক্তির জায়গায় বল পাওয়ার।

“টি-টোয়েন্টিতে অনেকটা ফিনিশারের ভূমিকাই নিতে হচ্ছে। ৬-৭ নম্বরে নামলে এটাই করতে হয়। আমি অপেক্ষা করছিলাম কখন নিজের জোনে বল পাই। জানতাম পেলে আমি মারতে পারব।”

মাহমুদউল্লাহ পেরেছেন বলেই পারল বাংলাদেশও।