‘মুস্তাফিজ একশ ম্যাচের একশটিতেই ভালো করবে না!’
মাশরাফি বিন মুর্তজার মতে, প্রথম ম্যাচে বিবর্ণ থাকলেও দ্বিতীয় ম্যাচে প্রমাণ হয়েছে মুস্তাফিজুর রহমানের মানসিকতা কতটা শক্ত। প্রতি ম্যাচেই তরুণ বাঁহাতি এই পেসারের ওপর প্রত্যাশার ভার চাপিয়ে না দিতেও অনুরোধ করেছেন বাংলাদেশ অধিনায়ক।
এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। সেদিন তার কাটার ও স্লোয়ারগুলিও খুব একটা ভোগায়নি ভারতীয় ব্যাটসম্যানদের। ম্যাচ শেষে মাশরাফি বলেছিলেন, শিশির ভেজা উইকেট ও ভেজা বল হওয়ায় গ্রিপ করেনি মুস্তাফিজের কাটারগুলি।
দ্বিতীয় ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চেনা চেহারায় মুস্তাফিজ। প্রথম ওভারেই দারুণ এক ফিরতি ক্যাচ নিয়েছিলেন আমিরাত ওপেনার রোহান মুস্তাফার। কিন্তু তৃতীয় আম্পায়ার বিতর্কিতভাবে ঘোষণা দেন নট আউটের। পরে ঠিকই দারুণ দুটি অফ কাটারে টানা দুই বলে পেয়েছেন উইকেট। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১৩।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি জানালেন, মুস্তাফিজ নিয়ে কোনো দুর্ভাবনাই ছিল না তার।
“অস্বস্তির কিছু আমি দেখিনি। আগের ম্যাচে যেটা হয়েছে, সেটাই বাস্তবতা। মুস্তাফিজ তো একশটা ম্যাচ খেললে একশটি ম্যাচেই ভালো খেলবে না! অত বেশি প্রত্যাশা করাটাও অস্বাভাবিক। খারাপ-ভালো মিলিয়েই যাবে।”
অধিনায়কের মতে, এত দ্রুতই ঘুরে দাঁড়ানো প্রমাণ করেছে তরুণ পেসারের মানসিক শক্তি।
“আগের ম্যাচে যেটা হয়েছে, সেটা স্বাভাবিক। আজকের ম্যাচে প্রমাণ হয়েছে ওর মানসিক শক্তি কতটা। কাটার হোক না হোক, ওর মানসিকতা সবসময়ই ভালো ছিল। দলের জন্য সেরাটা দিতে চেয়েছে সবসময়, এখনও দিচ্ছে। এটাই আসল।”
