২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাককালামের বিদায়ী টেস্টে জয়ের পথে অস্ট্রেলিয়া

জয় দিয়ে ব্রেন্ডন ম্যাককালামকে বিদায় জানাতে চাইলে অসাধারণ কিছু একটা করতে হবে নিউ জিল্যান্ডকে। জ্যাকসন বার্ড ও জেমস প্যাটিনসনের দারুণ বোলিংয়ে ক্রাইস্টচার্চ টেস্ট জয়ের পথে আছে অস্ট্রেলিয়া।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 04:11 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

পঞ্চম ও শেষ দিন আর ১৩১ রান চাই হাতে ৯ উইকেট থাকা স্টিভেন স্মিথের দলের।

মঙ্গলবার হ্যাগলি ওভালে চতুর্থ দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১ উইকেটে ৭০ রান। জো বার্নস ২৭ ও উসমান খাওয়াজা ১৯ রানে ব্যাট করছেন। বার্নসের সঙ্গে ৪৯ রানের উদ্বোধনী জুটি গড়া ডেভিড ওয়ার্নার ফিরেন ২২ রান করে।

এর আগে ৪ উইকেটে ১২১ রান নিয়ে দিনের খেলা শুরু করার পর প্রথম সেশন দেখেশুনে খেলে কাটিয়ে দেন নিউ জিল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসন।

লাঞ্চের আগে শেষ ওভারেই অবশ্য ভাঙতে পারত নিউ জিল্যান্ডের পঞ্চম উইকেট জুটি। জশ হেইজেলউডের বলে এলবিডব্লিউ হয়ে যেতে পারতেন উইলিয়ামসন। সাড়া দেননি আম্পায়ার। সাথে সাথেই রিভিউ নেন স্টিভেন স্মিথ।

তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে কথা বলে রিভিউয়েও উইলিয়ামসনকে মাঠের আম্পায়ার র‌্যানমোর মার্টিনেজ আউট না দেওয়ায়  উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। লেখার অনুপযুক্ত গালি দিয়ে বসেন পেসার হেইজেলউড, যা ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে।

লাঞ্চের পর অবশ্য নিজেদের জুটি খুব একটা বড় করতে পারেননি উইলিয়ামসন-অ্যান্ডারসন। ৪০ রান করা অ্যান্ডারসনকে বোল্ড করে ১০২ রানের প্রতিরোধ ভাঙেন বার্ড। পরে উইলিয়ামসনকেও বোল্ড করেন টেস্টে প্রথমবারের মতো পাঁচ উইকেট নেওয়া এই পেসার।

তিন রানের জন্য শতক না পাওয়া উইলিয়ামসনের (৯৭) ২১০ বলের ইনিংসটি সাজানো ৮টি চারে।

২১০ রানে ৭ উইকেট হারানো নিউ জিল্যান্ড সাড়ে তিনশ’ রানের কাছাকাছি যায় ম্যাট হেনরি ও বিজে ওয়াটলিংয়ের (৪৬) দৃঢ়তায়। অষ্টম উইকেটে ১১৮ রানের জুটি উপহার দেন এই দুই জনে। ওয়াটলিংকে প্যাটিনসন বিদায় করার পর আর বেশি দূর এগোয়নি নিউ জিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকেন হেনরি।

৫৯ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার বার্ড। আরেক পেসার প্যাটিনসন ৪ উইকেট নেন ৭৭ রানে।

প্রথম ইনিংসে ৩৭০ রান করে নিউ জিল্যান্ড। দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৫০৫ রান।