মন্থরতম সেঞ্চুরি ৭৩ বলে!
৭৩ বলে শতক যে কোনো বিবেচনাতেই দ্রুততম শতকের মধ্যে থাকবে। কিন্তু মারমুখী জস বাটলারের ক্ষেত্রে চিত্রটা পুরো ভিন্ন; ইংল্যান্ডের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ক্যারিয়ারে এটা ওয়ানডের মন্থরতম শতক!
ওয়ানডেতে ইংল্যান্ডের দ্রুততম তিন শতকের রেকর্ডই এই ব্যাটসম্যানের অধিকারে। তার আগের তিনটি শতক এসেছিল ৪৬, ৬১ ও ৬৬ বলে।
বাটলারের বিধ্বংসী চেহারাটা আরও ফুটে ওঠে তার মোট শতকের দিকে তাকালে, বুধবারের আগে ওয়ানডেতে এই তিনটি শতকই করেছিলেন তিনি। সবকটিই জায়গা করে নেয় সীমিত ওভারের ক্রিকেটে দেশের পক্ষে দ্রুততম শতকের তালিকার প্রথম তিনটি স্থানে।
চতুর্থটি এলো বুধবার ব্লুমফন্টেইনে, স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ দিন সিরিজের প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে ৩৯৯ রান করে ইংল্যান্ড। দলের বিশাল সংগ্রহে সবচেয়ে বড় অবদান ২৫ বছর বয়সী বাটলারের। ৭৬ বলে খেলেন ১০৫ রানের দারুণ এক ইনিংস।
বাটলারের ঝড়ো ইনিংসটি গড়া ৫টি ছক্কা ও ১১টি চারে। তিন অঙ্কে যেতে তিনি খেলেন ৭৩ বল, ওয়ানডেতে এটি তার চতুর্থ শতক। যেখানে আগের তিনটি শতকে পৌঁছতে এর চেয়ে কম বল খেলেছিলেন। তাইতো এমন ঝড়ো একটি ইনিংসকেও বলা হচ্ছে মন্থরতম শতক।
২০১৪ সালের ৩১ মে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে প্রথম তিন অঙ্কে পৌঁছান এই ডান-হাতি ব্যাটসম্যান। সেবার ১২১ রান করেও দলকে জেতাতে পারেননি। সেই ম্যাচে ৬১ বলে শতকে পৌঁছেছিলেন তিনি।
গত বছর দুইবার শতকের দেখা পান বাটলার। ৯ জুন বার্মিংহ্যামে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেন ১২৯ রানের চমৎকার এক ইনিংস। সেই ঝড়ো ইনিংস খেলার পথে ৬৬ বলে শতকে পৌঁছান তিনি।
গত নভেম্বরে দুবাইয়ে রীতিমত ঝড় তোলেন বাটলার। পাকিস্তানের বিপক্ষে দলকে ৫ উইকেটে ৩৫৫ রানের বড় সংগ্রহ এনে দিতে ১১৬ রানে অপরাজিত থাকেন। তার ৫২ বলের ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ১০টি চার। ৪৬ বলে ক্যারিয়ারের দ্রুততম শতকে পৌঁছান তিনি।
