২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ওয়ানডেতে উইকেটের চূড়ায় মিরাজ

যুব ওয়ানডে ইতিহাসে সব সময়ের সেরা উইকেট শিকারি হয়ে গেলেন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক ছাড়িয়ে গেলেন পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 10:20 AM

Updated : 11 Oct 2022, 07:43 PM

পুরনো খবর:

কম রান দেওয়াই লক্ষ্য ছিল শাওনের
দুর্ঘটনা এড়াতে চায় বাংলাদেশ
বাংলাদেশকে ‘ভাবাতে পারার’ তৃপ্তি নামিবিয়ার
সতীর্থদের ভালোবাসায় সিক্ত বাংলাদেশ অধিনায়ক
ভালো লাগার রথ থামাতে চান না মিরাজ
নামিবিয়াকে উড়িয়ে গ্রুপ সেরা বাংলাদেশ
যুব ওয়ানডের রান চূড়ায় শান্ত

৭২ উইকেট নিয়ে মঙ্গলবার কক্সবাজারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন মিরাজ। নিজের তৃতীয় ওভারেই মাইকেল ফন লিনজেনকে এলবিডব্লিউ করে নাম লেখান ইমাদের পাশে।

রেকর্ডটি নিজের করে নিতে অবশ্য আরও বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হয় বাংলাদেশ অধিনায়ককে। শেষ পর্যন্ত নামিবিয়ার শেষ উইকেটটি নিয়ে এই অফ স্পিনার রেকর্ডটি শুধুই নিজের করে নেন।

যুব ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট - দুটি রেকর্ডই এখন বাংলাদেশের। আগের ম্যাচেই স্কটল্যান্ডের বিপক্ষে শতকের পথে যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন নাজমুল হোসেন শান্ত।

ইমাদ ৭৩ উইকেট পেয়েছিলেন ৪৯ ম্যাচে। মিরাজ তাকে ছাড়িয়ে গেলেন ৫৩ ম্যাচে। ৬৮ উইকেট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন মিরাজ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ উইকেট নিয়ে স্পর্শ করেন দুইয়ে থাকা পিযুষ চাওলাকে। পরের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে মিরাজ এককভাবে উঠে আসেন দুইয়ে। তৃতীয় ম্যাচে উঠে এলেন শীর্ষে। ভারতের লেগ স্পিনার চাওলা ৭১ উইকেট নিয়ে তিন নম্বরে মাত্র ৩৭ ম্যাচ খেলেই।

উইকেট শিকারের তালিকায় চার নম্বরে বাংলাদেশেরই একজন; তিনিও মিরাজের মতো অফ স্পিনিং অলরাউন্ডার এবং দীর্ঘদিন ছিলেন যুব দলের অধিনায়ক। যুব ওয়ানডেতে ৬৬ উইকেট মাহমুদুল হাসানের। যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি ৫৭ ম্যাচ খেলার রেকর্ডও মাহমুদুলেরই।

সেরা দশে বাংলাদেশের আছেন আরও দুজন। ৪০ ম্যাচে ৫৫ উইকেট নিয়ে আটে আছেন বাঁহাতি স্পিনার ও আরেক সাবেক যুব অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ। নামিবিয়ার বিপক্ষে ম্যাচেই দুটি উইকেট নিয়ে পূর্বসূরিকে ছুঁয়েছেন সালেহ আহমেদ শাওন গাজী। ৩১ ম্যাচ খেলেই সোহরাওয়ার্দীকে স্পর্শ করলেন এই বাঁহাতি স্পিনার।