২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো লাগার রথ থামাতে চান না মিরাজ

দলীয় ও ব্যক্তিগত অর্জনে পরিপূর্ণ এক ম্যাচ খেলে উচ্ছ্বসিত মেহেদি হাসান মিরাজ। তবে তৃপ্ত হচ্ছেন না এখনই। বাংলাদেশ যু্ব দলের অধিনায়ক তাকিয়ে আরও অনেক দূরে। ভালো লাগার এই রথে চেপেই ছুঁতে চান লক্ষ্য।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 03:20 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

মঙ্গলবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচে ২ উইকেট নিয়ে যুব ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন মিরাজ। পরে ম্যাচও জিতে গ্রুপ শীর্ষে থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ, সেমি-ফাইনালের ওঠার লড়াইয়ে সামনে পাচ্ছে কাঙ্ক্ষিত প্রতিপক্ষ নেপালকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজের সব পাওয়ার খুশি প্রতিফলিত হলো কণ্ঠেও।

“আসলে অধিনায়ক হিসেবে আমার খুব ভালো লাগছে। আজকের ম্যাচ আমরা জিতেছি, আমার রেকর্ডটাও হলো। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলাম। আর কি চাওয়ার থাকতে পারে! সব মিলিয়ে খুব ভালো লাগছে।”

তবে উচ্ছ্বাসে পুরো ভেসে যাচ্ছেন না মিরাজ। চূড়ান্ত লক্ষ্য পূরণে দৃঢপ্রতিজ্ঞ অধিনায়ক বাঁধ দিলেন উচ্ছ্বাসের জোয়ারে।

“ভালো লাগছে আমাদের সবার। তবে ভালো লাগাটা এখানেই শেষ করলে হবে না। আমাদের যেতে হবে আরও অনেক দূর। ভালো লাগা এখানেই থামলে আমরা বেশি দূর যেতে পারব না। লক্ষ্য পূরণ করতে পারব না।”

শিরোপা লক্ষ্য পূরণের পথে বাংলাদেশের পরবর্তী বাধা নেপাল, শুক্রবার কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

পুরনো খবর:

কম রান দেওয়াই লক্ষ্য ছিল শাওনের
বাংলাদেশকে ‘ভাবাতে পারার’ তৃপ্তি নামিবিয়ার