২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ‘ভাবাতে পারার’ তৃপ্তি নামিবিয়ার

যতটা গর্জন শোনা গিয়েছিল, বর্ষণ ততটা হয়নি। মাঠে পাত্তাই পায়নি বাংলাদেশকে হারানোর প্রত্যয় জানানো নামিবিয়া। তবে এই হারেও প্রাপ্তি খুঁজে নিয়েছেন কোচ নর্বার্ট মানিয়ান্ডে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2016, 04:24 PM

Updated : 12 Apr 2022, 01:20 AM

ম্যাচের আগে নামিবিয়ার কোচ ও অধিনায়ক করেছিলেন, বাংলাদেশকে ছেড়ে কথা বলবেন না তারা। তবে মাঠের ক্রিকেটে খুব একটা চ্যালেঞ্জ জানাতে পারেনি আইসিসির সহযোগী দেশটি।

তবে একটা জায়গায় ঠিকই নিজেদের ‘জয়’ খুঁজে পেয়েছেন মানিয়ান্ডে। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নামিবিয়ার কোচ বলেন, “আজকে যেটা হয়েছিল, বাংলাদেশ জানত যে আমাদের পেস আক্রমণ খুব ভালো। দক্ষিণ আফ্রিকা ও স্কটল্যান্ডের বিপক্ষে আমাদের খেলা থেকে এই ধারণা ওরা পেয়েছিল। দু সপ্তাহ হলো আমরা এখানে আছি, এই ভেন্যুতে খেলেছি। আজকেই প্রথমবার দেখলাম উইকেটে একটুও ঘাস রাখা হয়নি। তার মানে, আমরা ওদের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছিলাম। লোকে এটা মানবে কি মানবে না, সেটা তাদের ব্যাপার!”

মানিয়ান্ডের মতে, উইকেটে ঘাস না রাখার এই কৌশলই বলে দিচ্ছে, একটা বার্তা দিতে পেরেছে নামিবিয়া।

“একটা টেস্ট খেলুড়ে দেশের জন্য যখন আমরা এতটা ভাবনার কারণ হতে পেরেছি, তার মানে সবাই জানতে পেরেছে যে আমরা এখানে ঘুরতে আসিনি, ক্রিকেট খেলতেই এসেছি। আমরা হেলাফেলা করার মত নয়। তারা হোমওয়ার্ক করেছে আমাদের নিয়ে।”

তবে বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্বটাও দিয়েছেন নামিবিয়ার কোচ।

“বলার অপেক্ষা রাখে না, বাংলাদেশ দারুণ খেলেছে। অনেক কিছু শিখেছি আমরা। বাস্তবতা হলো, আমরা আইসিসির সহযোগী দেশ, দলটি প্রথমবার উপমহাদেশে খেলছে। শুধু ক্রিকেটাররা নয়, আমাদের কোচিং স্টাফও এই কন্ডিশনের জন্য অনভিজ্ঞ।”

তবে এই হারে ভেঙে পড়ছে না দলটি। যত বেশি সম্ভব ম্যাচ জয়ের প্রত্যয় জানালেন কোচ।

“কোয়ার্টার ফাইনালে উঠতে পারাই আমাদের জন্য বড় অর্জন। আজকের হারেই দুনিয়ার শেষ নয়। আরও দু-তিনটি খেলা পাব আমরা সামনে, জিততে চাই যত বেশি সম্ভব।”