যুব বিশ্বকাপে নিউ জিল্যান্ডের প্রথম জয়
গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছে নিউ জিল্যান্ড। ফন অ্যালেন ও ডেল ফিলিপসের দুই অর্ধশতকে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে তারা।
সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৭ ওভার ৫ বলে ২১২ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।
সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক জ্যাক টেক্টর। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন অ্যাডাম ডেনিসন।
নিউ জিল্যান্ডের জশ ফিনি ও রাচিন রবিন্দ্র তিনটি করে উইকেট নেন।
জবাবে ৪০ ওভার ১ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউ জিল্যান্ড।
গ্লেন ফিলিপসের ৩৪ রানের পরও ৪৫ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে নিউ জিল্যান্ড। তবে অ্যালেন ও ডেল ফিলপসের ১৪১ রানের জুটি প্রাথমিক চাপ সামলে দলকে জয়ের পথে নিয়ে যায়।
ডেল ফিলিপস খেলেন ৫৮ রানের ভালো একটি ইনিংস। দলকে জয়ের খুব কাছে নিয়ে ফিরে যান অ্যালেন (৯৭)। তিন রানের জন্য শতক না পাওয়া এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ৭৬ বলের ইনিংসটি গড়া ৯টি চার ও চারটি ছক্কায়।
আয়ারল্যান্ডের রোরি আন্দ্রেস ৪ উইকেট নেন ৩২ রানে।
‘ডি’ গ্রুপ থেকে সুপার লিগ কোয়ার্টার-ফাইনালে খেলবে ভারত ও নেপাল। প্লেট কোয়ার্টার-ফাইনালে খেলবে নিউ জিল্যান্ড ও আয়ারল্যান্ড।
