শেষ বলের রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের জয়
শেন ওয়াটসনের অলরাউন্ড নৈপুণ্যেও হোয়াইটওয়াশড হওয়া এড়াতে পারেনি অস্ট্রেলিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলি ও সুরেশ রায়নার দুর্দান্ত ব্যাটিংয়ে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের শেষ বলে ৭ উইকেটে হারিয়েছে ভারত।
এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল মহেন্দ্র সিং ধোনির দল।
রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ওয়াটসনের শতকে ৫ উইকেটে ১৯৭ রান করে অস্ট্রেলিয়া। জবাবে তিন উইকেট হারিয়ে শেষ বলে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
শিখর ধাওয়ানের (৯ বলে ২৬) সঙ্গে ৪৬ রানের উদ্বোধনী জুটিতে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত। কোহলির সঙ্গে তার ৭৮ রানের আরেকটি চমৎকার জুটি কক্ষপথেই রাখে ভারতকে।
অর্ধশতক করে ফিরে যান রোহিত (৫২)। তার ৩৮ বলের ইনিংসটি ৫টি চার ও একটি ছক্কায় গড়া। অর্ধশতক করে ফিরে যান ভারতের আরেক ব্যাটিং ভরসা কোহলিও (৩৬ বলে ৫০)।
রোহিত-কোহলির বিদায়ে একটু চাপে পড়ে ভারত। তবে সেই চাপ কাটিয়ে দলকে ৭ উইকেটের জয় এনে দেন রায়না-যুবরাজ সিং। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৫.১ ওভারে ৫৩ রানের জুটি গড়েন এই দুই জন।
জয়ের জন্য শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল ভারতের। অ্যান্ড্রু টাইয়ের প্রথম দুই বলে ছক্কা-চারে ১০ রান নিয়ে সমীকরণ সহজ করে ফেলেন যুবরাজ (১৫*)। পরের তিন বলে পাঁচ রানের বেশি নিতে না পারায় খেলা গড়ায় শেষ বলে।
প্রয়োজন ছিল দুই রান; চার হাঁকিয়ে দারুণ জয় এনে দেন রায়না। ৪৯ রানে অপরাজিত থাকা এই বাঁহাতি ব্যাটসম্যানের ২৫ বলের ইনিংসে রয়েছে ৬টি চার ও একটি ছক্কা।
ধাওয়ানকে ফিরিয়ে ভারতের উদ্বোধনী জুটি ভাঙা ওয়াটসন ১৯তম ওভারে দেন ৫ রান। তার সেই ওভার আশা বাঁচিয়ে রাখে অস্ট্রেলিয়ার। কিন্তু শেষরক্ষা হয়নি।
এর আগে শুরুতেই উসমান খাওয়াজার উইকেট হারায় অস্ট্রেলিয়া। আশীষ নেহরার বলে ধোনির গ্লাভসবন্দি হন খাওয়াজা (১৪)।
অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াটসন অবশ্য শুরুতে উইকেট হারানোর কোনো প্রভাব দলের ওপর পড়তে দেননি। ঝড়ো ব্যাটিংয়ে দলকে প্রায় একাই এগিয়ে নেন এই অলরাউন্ডার।
শন মার্শের সঙ্গে ৫৩ রানের জুটি গড়েন দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ওয়াটসন। এই জুটিতে মার্শের অবদান ৯ রান। দ্রুত ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। তবে তাতে কমেনি স্বাগতিকদের রানের গতি।
অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে তিন ধরনের ক্রিকেটে শতক করার কৃতিত্ব দেখান অনেক দিন পর এই সিরিজ দিয়ে দলে ফেরা ওয়াটসন।
অ্যারন ফিঞ্চের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডার খেলেছেন অপরাজিত ১২৪ রানের অসাধারণ এক ইনিংস। তার ৭১ বলের বিধ্বংসী ইনিংসটি ১০টি চার ও ৬টি ছক্কা সমৃদ্ধ। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে এই প্রথম কোনো ব্যাটসম্যান তিন অঙ্কে গেলেন।
চতুর্থ উইকেটে ট্র্যাভিস হেডের (২৬) সঙ্গে ওয়াটসনের ৯৩ জুটি দলের সংগ্রহকে নিয়ে যায় দুইশ’ রানের কাছাকাছি। ৭.৫ ওভার স্থায়ী জুটিতে ওভার প্রতি ১১.৮৭ করে রান সংগ্রহ করেন এই দুই জনে।
তবে প্রায় দুইশ’ ছোঁয়া রানও ভারতের কাছে হোয়াইটওয়াশড হওয়া ঠেকাতে পারল না।
