২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলের ওপর চাপ নিয়ে চাপান-উতোর!

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন কাভার করতে সংবাদমাধ্যমের আগ্রহকে দলের জন্য চাপ মনে করছেন স্টুয়ার্ট ল। দলের টেকনিক্যাল উপদেষ্টা এটি নিয়ে ‘চিন্তিত’। তবে বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, এমনটি হওয়ার কথা নয়!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 09:14 PM

Updated : 11 Oct 2022, 07:41 PM

পুরনো খবর:

আফ্রিদি নয়, সাইফুদ্দিনের উদযাপন নিজের মতোই
বড় জয় চান সাইফুদ্দিন, ল খুশি শুধু জিতলেই
বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না স্কটল্যান্ড
টেপ টেনিসের অভিজ্ঞতায় বিশ্বকাপে উজ্জ্বল সাইফুদ্দিন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপসহ যাবতীয় ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে সম্পৃক্ত হতে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমকে বরাবরই ব্যাপক ভাবে উৎসাহিত করে আসছে আইসিসি। যুব বিশ্বকাপ নিয়ে আইসিসির মিডিয়া বিভাগের তৎপরতাও তাই যে কোনো টুর্নামেন্টের চেয়ে তুলনামূলকভাবে বেশি। বয়সভিত্তিক ক্রিকেটকে জনপ্রিয় করতে বরাবরই সংবাদমাধ্যমের সহযোগিতা চেয়ে আসছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বাংলাদেশে অবশ্য আইসিসি কর্তাদের এই তৎপরতা চালাতে হয় সবচেয়ে কম। বয়সভিত্তিক ক্রিকেটও এখানে থাকে আগ্রহের কেন্দ্রে। সাধারণ মানুষের আগ্রহের কারণে সংবাদমাধ্যমেও ক্রিকেটের সার্বক্ষনিক উপস্থিতি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলনে স্বাভাবিকভাবেই সংবাদকর্মীদের উপস্থিতিও তুলনামূলকভাবে বেশি।

তবে আইসিসি যেটিকে ইতিবাচক ভাবে, সেটিকেই বাংলাদেশ দলের জন্য ‘চাপ’ ভাবছেন স্টুয়ার্ট ল। স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগের দিন কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল উপদেষ্টা। প্রথম ম্যাচের জয়ে “আত্মতুষ্টিতে না ভুগে দলের সতর্ক হওয়া উচিত কিনা”, এই প্রসঙ্গে নিজে থেকেই ল টেনে আনলেন বাইরের চাপকে।

“দুর্ভাগ্যজনকভাবে, আমরা যেসব নিয়ে কথা বলছি (ক্রিকেটীয় প্রসঙ্গ), এসবের চেয়ে বাইরের চাপই আমাদের ছেলেদের হয়ত কাবু করে ফেলবে। অস্ট্রেলিয়াতে আন্তর্জাতিক ক্রিকেটে যতটা দেখা যায়, তার চেয়ে বেশি সংবাদকর্মী এখানে অনুশীলন কাভার করছে। আমি এটি নিয়ে চিন্তিত।”

স্টুয়ার্ট লর মতে, সংবাদমাধ্যমের উপস্থিতি দলকে চাপে ফেলে দিচ্ছে।

“তরুণ ক্রিকেটারদের ওপর অনেক বেশি চাপ দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়াতে অ্যাশেজ সিরিজের সময়ও এত সংবাদকর্মী অনুশীলন কাভার করে না।”

তবে সংবাদকর্মীরা অনুশীলন কাভার করলেই দল চাপে পড়ে যাবে, এ্ই ভাবনায় একমত নন বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান ও বিসিবি পরিচালক জালাল ইউনুস।

“ল কেন এমন বলেছেন, আমি বলতে পারছি না। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে দেখব। কারণ এমনটি হওয়ার কথা নয়। হয়ত কোনো কমিউনিকেশন গ্যাপ আছে। সংবাদকর্মীরা অনুশীলন কাভার করতে ভীড় করলে দলের জন্য ভালো, আমাদের ক্রিকেটের জন্যও ইতিবাচক।”

চাপ সৃষ্টির জন্য ল সাধারণ মানুষের প্রত্যাশা ও সংবাদমাধ্যমকে দায়ী করলেও নানা ঘটনাপ্রবাহে ইঙ্গিত অন্যরকম। টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে লকে নিয়োগ দেওয়ার সময় বিসিবির গেম ডেভেলপমেন্ট থেকে বলা হয়েছিল, “অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে আকাশ ছুঁতে চায় বিসিবি। এজন্যই চেষ্টায় কোনো কমতি রাখা হচ্ছে না।” অনূর্ধ্ব-১৯ পর্যায়ে আকাশছোঁয়া মানে তো যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াই। ‘চ্যাম্পিয়ন হতেই হবে’, অলক্ষ্যে এরকম চাপ তাই বিসিবিই চাপিয়ে দিয়েছিল।

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর কোচ মিজানুর রহমান বলেছিলেন, “সত্যি বলতে অনেক চাপে ছিলাম। প্রথম ম্যাচ জিতে চাপ অনেকটাই কমে গেছে। আমরা এখন উড়ে উড়ে খেলব।” ‘চাপটা কিসের ছিল?’ এই প্রশ্নের অবশ্য উত্তর দেননি কোচ, এড়িয়ে গেছেন হাসিমুখে।

‘উড়ে উড়ে খেলার’ প্রমাণ দলের শরীরী ভাষাতেও আছে। অনুশীলনে, মাঠের বাইরে দলকে মনে হযেছে খুবই ফুরফুরে। কিন্তু টিম ম্যানেজমেন্ট চট্টগ্রামে টুর্নামেন্ট শুরুর আগের দিন থেকেই বারবার সংবাদমাধ্যমের কাছে বারবার ওই ‘চাপতত্ত্ব’ তুলে ধরছেন। দল তাই নির্ভার, চাপমুক্ত থাকলেও টিম ম্যানেজমেন্টের তৈরি করা আবহ উল্টো দলকে চাপে ফেলে দিচ্ছে কিনা, সেই প্রশ্ন তাই উঠছে।

বয়সভিত্তিক ক্রিকেট নিয়ে আইসিসির নীতিতে বেশি বেশি প্রচার বরাবরই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংবাদমাধ্যমের উপস্থিতিকে তুমুল ভাবে উৎসাহিত করা হয়। প্রতিটি বিশ্বকাপে সরাসরি সম্প্রাচারিত ম্যাচের সংখ্যাও বাড়ানো হচ্ছে। এবার যেমন লভ্যাংশে অনেক ছাড় দিয়েও রেকর্ড ২০টি ম্যাচ সরাসরি সম্প্রচারিত হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেট আরও জনপ্রিয় করতে ও ছড়িয়ে দিতে। 

বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উল্টোযাত্রায় উঠছে অনেক প্রশ্ন। বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস আবারও বললেন টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার কথা।

“দল তেমন কোনো চাপে আছে বলে আমার মনে হয় না। তবুও ঢাকায় থেকে তো এসব বলা কঠিন। আমি গিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে বুঝতে চেষ্টা করব।”