২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না স্কটল্যান্ড

প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হারলেও আশা ছেড়ে দেয়নি স্কটল্যান্ড। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুপার লিগে খেলার স্বপ্ন দেখছেন স্কটিশ অধিনায়ক নিল ফ্ল্যাক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 07:04 PM

Updated : 12 Apr 2022, 01:19 AM

যুব বিশ্বকাপের গ্রুপ ‘এ’ তে দুর্বলতম দল মনে করা হচ্ছে স্কটল্যান্ডকেই। নিজেদের প্রথম ম্যাচে আইসিসির আরেক সহযোগী দেশ নামিবিয়ার কাছেই যাচ্ছেতাই ভাবে হেরেছে স্কটিশরা। রোববার তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টেরই অন্যতম ফেবারিট বাংলাদেশ; মঙ্গলবার প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।

তবে বাস্তবতা যেটাই হোক, স্বপ্নের আকাশে রঙিন ঘুড়িই ওড়াচ্ছেন নিল ফ্ল্যাক। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে হারের পর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটিশ অধিনায়ক জানালেন ঘুরে দাঁড়ানোর প্রত্যয়।

“প্রথম ম্যাচে আমাদের হারটা ছিল হতাশাজনক। এমন হার মেনে নেওয়া কঠিন। তবে আমাদের বিশ্বকাপ এখনও শেষ হয়নি। আরও দুটি ম্যাচ বাকি আছে, দুটিই কঠিন। দেখা যাক, আমরা অঘটন ঘটাতে পারি কিনা। অবশ্যই আমরা এখনও গ্রুপ পর্ব পেরোতে পারি।”

রোববার বাংলাদেশের বিপক্ষে হারলে সুপার লিগের আশা একরকম শেষ হয়ে যাবে স্কটল্যান্ডের। তবে স্বাগতিকদের হারিয়ে অঘটনের স্বপ্ন দেখছেন স্কটিশ অধিনায়ক।

“অবশ্যই বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পারি আমরা। প্রথম ম্যাচে দিনটি আমাদের ভালো যায় না। তবে ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে। কে জানে, হয়ত স্কটল্যান্ড ঠিকই গ্রুপ পর্ব উতরে যাবে এবং বড় অঘটন ঘটাবে!”

নামিবিয়ার বিপক্ষে যে মানের ক্রিকেট খেলেছে স্কটল্যান্ড, তাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকাকে হারানোকে মনে হতে পারে অলীক কল্পনা। প্রায় অসম্ভবকে সম্ভব করার লড়াইয়ে স্কটল্যান্ড অধিনায়ক অনুপ্রেরণা মানছেন নেপালকে।

“নেপাল হতে পারে আমাদের বড় অনুপ্রেরণা। আর অপ্রত্যাশিত ফল ক্রিকেট আগে অনেকবারই দেখেছে। আবার কেন হবে না? বাছাইপর্বেও সবার প্রত্যাশাকে ছাড়িয়ে আমরা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। এখন বিশ্বকাপেও আমরা দেশকে গর্বিত করতে চাই। সেটা না করে আমরা ফিরতে চাই না।”