২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারাইনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ সুনিল নারাইনকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2016, 10:52 AM

Updated : 11 Oct 2022, 07:41 PM

৮ মার্চ ভারতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার ড্যারেন স্যামি।

গত ৭ নভেম্বর  শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে নারাইনের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয় আম্পায়ারদের। আন্তর্জাতিক ম্যাচে সেবারই প্রথম প্রশ্নবিদ্ধ হয় নারাইনের অ্যাকশন। তবে ২০১৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে পরপর দুই ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছিল তার অ্যাকশন।

পরে পরীক্ষায় নারাইনের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে বলে জানায় আইসিসি। ১৭ নভেম্বর লাফবরো বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষা দিয়েছিলেন অ্যাকশনের। পরীক্ষায় দেখা যায়, এই স্পিনারের সব ধরনের ডেলিভারিই ১৫ ডিগ্রির অনুমোদিত সীমা ছাড়ায়।

গত বছরের ওয়ানডে বিশ্বকাপ দলে নারাইনকে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে বোলিং অ্যাকশন নিয়ে অস্বস্তিতে নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই অফ স্পিনার।

২০১২ সালের বিশ্বকাপ জয়ী দলের ১১ ক্রিকেটার আছেন ওয়েস্ট ইন্ডিজের এবারের ১৫ সদস্যের চূড়ান্ত দলে। বাকি চার জন হলেন জেসন হোল্ডার, সুলিমান বেন, জেরোম টেইলর ও আন্দ্রে ফ্লেচার। টেস্ট অধিনায়ক হোল্ডার এই প্রথম টি-টোয়েন্টি দলে এলেন।

দলে ফিরেছেন এর আগে বিতর্কিতভাবে বাদ পড়া ডোয়াইন ব্রাভো ও কাইরন পোলার্ড।

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ দল ওয়েস্ট ইন্ডিজের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। তাদের সঙ্গে যোগ দেব প্রথম রাউন্ড পার হয়ে আসা একটি দল।

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের প্রস্তুতি নেবে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দলটি।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রি, সুলিমান বেন, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, লেন্ডল সিমন্স, জেমস টেইলর।