২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৯৯ রানের জয়ে শুরু ইংল্যান্ডের

১৮ বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের শুরুটা হয়েছে দারুণ। যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম ত্রিশতকের জুটি উপহার দেওয়া ম্যাচে দলটি ফিজিকে হারিয়েছে ২৯৯ রানের বিশাল ব্যবধানে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 03:32 PM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বুধবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩৭১ রান করে ইংল্যান্ড। জবাবে ২৭ ওভার ৩ বলে ৭২ রানে অলআউট হয়ে যায় ফিজি।

যুব ওয়ানডেতে রানের দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম জয়। এর আগে ২০০২ সালে ডাবলিনে অস্ট্রেলিয়া ৪৩০ রানে কেনিয়াকে এবং ওয়েস্ট ইন্ডিজ ৩০১ রানে স্কটল্যান্ডকে হারায়।  

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দিক হারায় টুর্নামেন্টের নবাগত ফিজি। দুই পেসার সাকিব মাহমুদ ও স্যাম কুরানের সামনের দাঁড়াতেই পারেননি তারা।

নবম ওভারে ১৭ রানের মধ্যে ছয় উইকেট হারায় ফিজি। আরও বড় পরাজয়ের চোখ রাঙানি ছিল সে সময়। তবে দলের হার ততটা বড় হতে দেননি পেনি ভুনিওয়াকা।

দশম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে সর্বোচ্চ ৩৬ রান করেন ভুনিওয়াকা। তিনি ছাড়া দুই অঙ্কে পৌঁছান কেবল জ্যাক চার্টার্স (১০)। এছাড়া অতিরিক্ত থেকে আসে ১০ রান।

ডানহাতি পেসার মাহমুদ তিন উইকেট নেন ২ রানে। বাঁহাতি পেসার কুরান ২২ রানে নেন তিন উইকেট। এছাড়া বেন গ্রিন দুই উইকেট নেন ৭ রানে।

এর আগে তৃতীয় ওভারেই ম্যাক্স হোল্ডেনকে হারায় ইংল্যান্ড। পরের উইকেটের জন্য ৪৭তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় ফিজিকে। এই সময়ে যুব ওয়ানডে ক্রিকেটে প্রথম ত্রিশকের জুটি উপহার দেন লরেন্স ও বার্নহ্যাম।

টুর্নামেন্টে প্রথম শতক পাওয়া লরেন্স অর্ধশতকে পৌঁছতে খেলেন ৩৯ বল। নিজের রান তিন অঙ্কে নিতে একটু সাবধানী ছিলেন তিনি। ১০৮ বলে শতকে পৌঁছনোর পর আবার আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি।

বার্নহ্যাম শুরু নিজেকে গুটিয়ে রেখেছিলেন। ৬৮ বলে অর্ধশতকে পৌঁছানোর রানের গতি বাড়ানোর দিকে মনোযোগ দেন তিনি। ১১৮ বলে শতকে পাওয়ার পর খেলেন টি-টোয়েন্টির মেজাজে।

বার্নহ্যামের বিদায়ে ৪৭তম ওভারে ভাঙে ৩০৩ রানের রেকর্ড জুটি। ১৪৮ রান করা বার্নহ্যামের ১৩৭ বলের ইনিংসটি গড়া ১৯টি চার ও চারটি ছক্কায়।

যুব ওয়ানডেতে জুটির আগের রেকর্ডটিও হয়েছিল বাংলাদেশেই। ২০০৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বিকেএসপিতে স্কটল্যান্ডের বিপক্ষে ২৭৩ রানের জুটি গড়েছিলেন নিউ জিল্যান্ডের বিজে ওয়াটলিং ও ব্র্যাড উইলসন।

ব্যক্তিগত মাইলফলকের খুব কাছে গিয়ে থামেন লরেন্স। ৫ রানের জন্য যুব ওয়ানডের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছুঁতে পারেননি তিনি। ১৭৪ রান করা লরেন্সের ১৫০ বলের ইনিংসটি ২৫টি চার ও একটি ছক্কা সমৃদ্ধ। অষ্টম যুব ওয়ানডেতে লরেন্সের এটি দ্বিতীয় শতক।

যুব ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড অস্ট্রেলিয়ার থিও ডোরোপোলাসের অধিকারে। ১৭৯ রান করেছিলেন তিনি। আর যুব বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংস ওয়েস্ট ইন্ডিজের ডেভন প্যাগনের ১৭৬।