২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপায় চোখ রেখে চ্যাম্পিয়নদের মুখোমুখি বাংলাদেশ

পেছন থেকে টানছে গ্লানিময় অতীত, সামনের পথচলা কঠিন করে দিয়েছে প্রত্যাশার ভার। তাতে অবশ্য বাংলাদেশের যুবাদের স্বপ্নাতুর চোখগুলো ঘোলাটে হয়নি, বরং দৃষ্টি নিবদ্ধ শিরোপায়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা অভিযান শুরু বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 09:52 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

পুরনো খবর:

মেলে ধরার মঞ্চে তরুণ ক্রিকেটাররা
এবারের বাংলাদেশ এগিয়ে ‘বোঝাপড়ায়’
‘বাংলাদেশ দলের মত আমরাও প্রতিভাবান’
বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চায় মিরাজের বাংলাদেশ
প্রত্যাশা চাপ নয়, বাংলাদেশের অনুপ্রেরণা
সেরা অলরাউন্ডার হতে চান মিরাজ

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯ টায়।

টুর্নামেন্ট শুরুর আগে অবশ্য ‘চ্যাম্পিয়ন’ শব্দটি সযত্নেই এড়িয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। চোখে স্বপ্ন আছে, মনে আছে বল। সামনে এগিয়ে চলার শক্তি হয়ে দলের সঙ্গী দুর্দান্ত ফর্ম আর তুমুল আত্মবিশ্বাস। কিন্তু কোচ ও অধিনায়কের কণ্ঠে আশার সঙ্গে মিশে থাকছে সতর্কতাও।

কিছু দিন আগেও অবশ্য জোরেসোরেই বলা হয়েছে, দেশের মাটিতে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়াই একমাত্র লক্ষ্য। টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে স্টুয়ার্ট লকে আনার সময় বলা হয়েছিল, অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে যখন মিলছিল একের পর এক সাফল্য, দলের সবাই বলেছেন বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নের কথা।

বিশ্বকাপ শুরুর সময় যত ঘনিয়েছে, প্রত্যাশা হয়েছে আকাশচুম্বী। প্রত্যাশার হাত ধরে এসেছে প্রবল চাপও। তরুণ কাঁধগুলোকে এই ভার থেকে মুক্তি দিতেই এখন বদলে গেছে কথার সুর। ‘চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য’, সরাসরি এটা আর বলা হচ্ছে না দল থেকে।

তবে মূল ভাবনা অবশ্যই বদলায়নি। কোচ-অধিনায়কের কথায় ঠিকই উঠে আসছে সেটি। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ যেমন টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন, “আমাদের অনূর্ধ্ব-১৯ দল কখনও ভালো করতে পারেনি সেভাবে। আমাদের চাওয়া থাকবে, এবার আমরা এমন একটা কিছু করি, যেন লোকে আমাদের মনে রাখে। অনেক দিন পরও যেন বলে, ওই অনূর্ধ্ব-১৯ দলটি এত ভালো করেছে, ওরা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে।’

কোচ মিজানুর রহমানও বলছেন, ‘দারুণ কিছু’ করতে চায় তার দল। লক্ষ্যটা তাই স্পষ্টই!

সেই লক্ষ্যে পৌঁছার সামর্থ্যও বাংলাদেশের আছে। দারুণ সব ক্রিকেটার নিয়ে গড়া দলটি প্রায় পরিপূর্ণ। টপ ও মিডল অর্ডার ব্যাটিং দারুণ, পেস আক্রমণ যথেষ্টই ক্ষুরধার। নিজেদের ধারা মেনে স্পিন আক্রমণ সবচেয়ে শক্তিশালী। আছেন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মত অনপ্রেরণাদায়ী এক অধিনায়ক, যিনি দলের সবচেয়ে ধারাবাহিক পারফরমারও।

বড় টুর্নামেন্টে যেটি অনেক সময় গুরুত্বপূর্ণ, সেই অভিজ্ঞতায়ও সবচেয়ে সমৃদ্ধ বাংলাদেশ দল। গত বিশ্বকাপ খেলা ৫ জন ক্রিকেটার আছে বাংলাদেশে, টুর্নামেন্টের সব দল মিলিয়ে যা সর্বোচ্চ। অধিনায়ক মিরাজ ইতিহাস গড়তে যাচ্ছেন টানা দুটি বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে। গত বিশ্বকাপের পর থেকেই এই দল গড়ার কাজ শুরু হয়েছে, দীর্ঘসময় একসঙ্গে পথচলায় দলটির একতা ও পারস্পরিক সমঝোতা অসাধারণ।

পারফরম্যান্সেও পড়েছে সেসবের ইতিবাচক প্রভাব। গত দেড় বছরে বাংলাদেশের এ্ই দল সিরিজ জিতেছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের বিপক্ষে। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডকে। আত্মবিশ্বাস থাকার কথা তুঙ্গে।

ইতিহাস অবশ্য বাংলাদেশের একটি বাধা। যুব বিশ্বকাপে প্রতিবারই কম-বেশি ভালো দল নিয়ে যায় বাংলাদেশ। কিন্তু কোনো না কোনো ভাবে হেরে বসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতেই। ৯ বারের মধ্যে ৬  বারই তাই খেলতে হয়েছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়াদের নিয়ে আয়োজন প্লেট পর্বে। কাপ পর্বে খেলতে পেরেছে মাত্র ৩ বার, সেরা সাফল্য ২০০৬ সালে মুশফিকুর রহিমের নেতৃত্বে সাকিব-তামিমদের দলের পঞ্চম হওয়া।

তবে এবার গ্রুপিং ভাগ্যকেও পাশে পেয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে সত্যিকার অর্থে বাংলাদেশের বড় ম্যাচ একটিই। প্রথম ম্যাচেই সামনে সেই দল, বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন হওয়া সেই প্রোটিয়া দলের একজনও নেই এবার এবং দলটিকে গত ১০ মাসে বারবার অনায়াসেই হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে ও দক্ষিণ আফ্রিকায় দুটি সিরিজ ও প্রস্তুতি ম্যাচ মিলিয়ে ১৬ ম্যাচের ১৩টিতেই জিতেছে বাংলাদেশ। গ্রপের অন্য দুই প্রতিপক্ষ নামিবিয়া ও স্কটল্যান্ড তো পাত্তাই পাওয়ার কথা নয়। এবার তাই অন্তত গ্রুপ পর্ব উতরাতে কঠিন কোনো বাধা নেই।

প্রথম ম্যাচে হারলেও অবশ্য পরের পর্বে যাওয়ার সুযোগ থাকবে। তবে শুরুতেই হোঁচট খেয়ে সেই কঠিন পথে নিশ্চয়ই হাঁটতে চাইবে না বাংলাদেশ! প্রথম ম্যাচে জয়টাই তাই প্রত্যাশিত।

ম্যাচের আগের দিন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টনি ডি জর্জি অবশ্য খানিকটা হুমকি দিয়েছেন রেখেছেন। তবে বাস্তবতা হলো, বাংলাদেশ নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে চালেঞ্জ গড়তে পারার কথা নয় দক্ষিণ আফ্রিকার।

তবে একদিক থেকে এটিই হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা, যদি পেয়ে বসে আত্মতুষ্টি, যদি চেপে বসে প্রত্যাশার ভার। এই দুটি মানসিক বাধা যতটা দূরে সরিয়ে রাখতে পারবে পারবে মিরাজরা, শিরোপা নাগালে চলে আসবে ততই।