বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চায় মিরাজের বাংলাদেশ
দেশের মাটিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মনে রাখার মত কিছু করতে চান বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। কোচ মিজানুর রহমানেরও চাওয়া, দারুণ কিছু উপহার দেওয়া।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বরাবরই ফেভারিটদের কাতারে থাকে বাংলাদেশ। কিন্তু মূল টুর্নামেন্টের পারফরম্যান্সে সেটির প্রতিফলন পড়ে সামান্যই। নয় বার অংশ নিয়ে ছয় বারই প্লেট পর্বে খেলেছে বাংলাদেশ। সর্বোচ্চ সাফল্য ২০০৬ আসলে সাকিব-তামিম-মুশফিকদের দলের পঞ্চম হওয়া।
মুশফিকের নেতৃত্বে সেই দলটির পর এবারের দলটিকে নিয়ে বাংলাদেশের প্রত্যাশা সবচেয়ে বেশি। সাম্প্রতিক পারফরম্যান্স আর নিজেদের মাটিতে খেলা, সব মিলিয়ে এবার টপ ফেভারিটদের একটি বাংলাদেশ।
টুর্নামেন্ট শুরুর আগের দিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজও শোনালেন স্বপ্নের কথাই।
“অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমরা কখনও ভালো করতে পারিনি সেভাবে। এবার আমাদের চাওয়া থাকবে এমন একটা কিছু আমরা করি, যেন লোকে আমাদের মনে রাখে। অনেকদিন পরও যেন বলে, ওই যু্ব দলটি এত ভালো করেছে, ওরা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে। এটাই থাকবে আমাদের লক্ষ্য।”
অধিনায়কের কণ্ঠেরই প্রতিফলন করলেন বাংলাদেশ দলের কোচ মিজানুর রহমান।
“সবাই চাইছে, আমরা ভালো করি। ছেলেদের আশা, আমাদের আশা, দেশবাসীর আশা, দেশের মাটিতে বিশ্বকাপে আমরা ভালো পর্যায়ে যেতে চাই। সবাই ফোকাসড আছে। জয়ের জন্য সবাই প্রস্তুত।”
