২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে ম্যাকক্লেনাগানের পরিবর্তে ব্রেসওয়েল

চোখে আঘাত পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়া মিচেল ম্যাকক্লেনাগানের জায়গায় নিউ জিল্যান্ড দলে ঢুকেছেন আরেক পেসার ডগ ব্রেসওয়েল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2016, 07:03 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ব্রেসওয়েলকে নেওয়ার কথা মঙ্গলবার জানায় নিউ জিল্যান্ড ক্রিকেট। আগামী বৃহস্পতিবার নেপিয়ারে দ্বিতীয় এবং আগামী রোববার অকল্যান্ডে তৃতীয় ও শেষ ম্যাচটি হবে।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সোমবার তিন ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডেতে পেসার আনোয়ার আলির করা ইনিংসের শেষ ওভারে চোখে আঘাত পান বাঁ হাতি পেসার ম্যাকক্লেনাগান। হেলমেট পরা থাকলেও বল গ্রিলের ফাঁক গলে তার বাঁ চোখের উপরে লাগে। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যান ১৮ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলা এ্ই ক্রিকেটার।

বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও এক্স-রেতে ম্যাকক্লেনাগানের চোখের উপরের হাড়ে ছোট চিড় ধরা পড়ে। আগামী শুক্রবার এর অস্ত্রোপচার করা হবে।

৪৮টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলা ম্যাকক্লেনাগানকে শেষ ওয়ানডেতে ফিরে পাওয়ার আশা থাকলেও কোনোরকম ঝুঁকি নিতে চায় না দেশটির ক্রিকেট বোর্ড। এজন্যই ২৫ বছর বয়সী ব্রেসওয়েলকে নেওয়ার কথা জানায় কোচ মাইক হেসন।