২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেতৃত্ব থেকে সরে গেলেন চিগুম্বুরা

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে জিম্বাবুয়ের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন এল্টন চিগুম্বুরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 11:49 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের ১৮ রানের জয়ের কিছুক্ষণ পর নেতৃত্ব থেকে সরে যাওয়ার কথা জানান চিগুম্বুরা।

“দলকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ আমি উপভোগ করেছি। আমার মনে হয়েছে, পরের জনের কাছে এটা ছেড়ে দেওয়ার সেরা সময় এখন। তাতে আমি নিজের খেলার দিকে আরও মনোযোগী হতে পারব। আমি নিশ্চিত, একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে আমি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারব।”

চিগুম্বুরার বিশ্বাস, আরও বেশ কয়েক বছর দেশের হয়ে খেলার এবং দলকে জেতানোর সামর্থ্য তার রয়েছে।

বাংলাদেশের বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র হওয়া সিরিজের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার। পরের দুই ম্যাচে খেলেননি চিগুম্বুরা। সেই দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন হ্যামিল্টন মাসাকাদজা। শেষ ম্যাচে আবার দলে ফিরেন চিগুম্বুরা, যা হয়ে থাকল তার দ্বিতীয় মেয়াদের নেতৃত্বের শেষ ম্যাচ।

৮০টি সীমিত ওভারের ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেন চিগুম্বুরা। এর মধ্যে ২০টিতে জেতে তার দল। তার সেরা অর্জনের মধ্যে রয়েছে দেশের মাটিতে ২০১৪ সালে অস্ট্রেলিয়া এবং ২০১৫ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়।

গত বছরের মেতে জিম্বাবুয়ের পাকিস্তান সফরেও দলকে নেতৃত্ব দেন চিগুম্বুরা। সীমিত ওভারের ক্রিকেটের সেই সিরিজ দিয়ে ছয় বছর পর পাকিস্তানে ফেরে আন্তর্জাতিক ক্রিকেট।

২০১০ সালে মেতে প্রথমবার জিম্বাবুয়ের নেতৃত্বে আসেন চিগুম্বুরা। সেবার এক বছর নেতৃত্ব থেকে সরে দাঁড়ান তিনি। চার বছর পর সীমিত ওভারের ক্রিকেটে আবার নেতৃত্বে আসেন এই অলরাউন্ডার। সে সময়ে জিম্বাবুয়ের টেস্ট দলের নেতৃত্বে ছিলেন ব্রেন্ডন টেইলর। তিনি জাতীয় দলেকে ছেড়ে কাউন্টি ক্রিকেটকে বেছে নিলে টেস্ট দলের নেতৃত্বও আসেন চিগুম্বুরা। তবে ১১ মাস পরেই নেতৃত্ব ছাড়লেন তিনি।

নতুন অধিনায়কের নাম এখনও ঘোষণা করেনি জিম্বাবুয়ে ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে সীমিত ওভারের ক্রিকেট খেলবে দলটি।