২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপভোগের মন্ত্রে উজ্জীবিত বাংলাদেশের যুবারা

এবার নিজেদের দেশে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বলে যুব দলের ওপর চাপটা অনেক বেশি। তবে সেই চাপ মুক্ত থাকার কৌশল খুঁজে পেয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানিয়েছেন, উপভোগের মন্ত্রে নিজেদের নির্ভার রাখছেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2016, 06:01 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

আগামী ২৭ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। প্রথম দিনই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকরা।

টানা দ্বিতীয়বার দেশকে বিশ্বকাপে নেতৃত্ব দিতে যাওয়া মেহেদি চট্টগ্রামে মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “কোচ, পরিবার, দর্শক সবারই অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেটা মাথায় রেখেই ক্রিকেট খেলতে হয়। আমাদের ওপর এবার ততটা চাপ কাজ করবে না। কারণ, কোচেরা আমাদের বলেছেন, প্রক্রিয়া অনুযায়ী এগোতে আর ক্রিকেট খেলাটাকে উপভোগ করতে।”

“ক্রিকেট খেলায় উপভোগ থাকবে, মজা থাকবে। আমরা সবাই-সবাইকে সহায়তা করব, মজা করব, আনন্দ করব। তাতে এবার মনে হয় না, ততটা চাপ থাকবে। দেশের মাটিতে বিশ্বকাপ; সবাই খুব ভালো ফল আশা করছে। আমরা যদি সঠিক প্রক্রিয়ায় থাকি, মজা করি, উপভোগ করি, তাহলে ভালো একটা কিছু হবে,” যোগ করেন এই অফ স্পিন অলরাউন্ডার।

Image
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি সামনে রেখে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ছবি: সুমন বাবু

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি সামনে রেখে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ছবি: সুমন বাবু

স্বাগতিক অধিনায়ক জানান, খেলার চেয়েও তারা বেশি গুরুত্ব দিচ্ছেন গুরুত্বপূর্ণ ম্যাচের  মানসিক প্রস্তুতিতে।

“বিশ্বকাপে দেখা গেছে আমরা একটা ম্যাচ হেরে গেছি। আর সেই হারটা সব সময় অনেক বড় হয়ে গেছে, আমরা কাপে যেতে পারিনি। এখন সবাইকে কোচেরা একটা কথা বলছেন, বিগত বিশ্বকাপে আমরা যে ভুল করেছি, দেশের মাটিতে বিশ্বকাপে আমরা সেই একই ভুল যেন না করি। তার জন্য আমারা অনুশীলন করছি, কোচেরা আমাদের সাথে এটা নিয়ে সব সময় কথা বলছেন।”

গত বিশ্বকাপেই অস্ট্রেলিয়ার কাছে হেরে রান রেটে পিছিয়ে পড়ে প্লেট পর্বে খেলতে হয় বাংলাদেশের। সেই ভুলের পুনরাবৃত্তি এবার এড়াতে মরিয়া মেহেদি, “আমরা নির্ভার হয়ে মাঠে নামতে চাই। খেলার চেয়েও আমরা এটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ, সিরিজে কোনো ভুল করলে ফিরে আসার সুযোগ থাকে। কিন্তু বিশ্বকাপের মতো জায়গায় ছোট ভুল করলেও সেটা বড় হয়ে যায়। ফিরে আসা কঠিন হয়ে যায়।”