ম্যাক্সওয়েলের ব্যাটে অস্ট্রেলিয়ার সিরিজ
এবার বিফলে গেল বিরাট কোহলির শতক। গ্লেন ম্যাক্সওয়েল ও শন মার্শের দৃঢ়তায় ভারতকে তৃতীয় ওয়ানডেতে সহজেই হারিয়েছে অস্ট্রেলিয়া।
মেলবোর্নে ৩ উইকেটের এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এখন ৩-০ ব্যবধানে এগিয়ে আছে। আগামী বুধবার ক্যানবেরায় হবে চতুর্থ ওয়ানডে।
রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির শতকে ৬ উইকেটে ২৯৫ রান করে ভারত। জবাবে ৭ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে অ্যারন ফিঞ্চের সঙ্গে ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন শন মার্শ। অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে ৬৪ রানের আরেকটি ভালো জুটি গড়েন তিনি।
উইকেটে থিতু হয়ে ফিরে যান ফিঞ্চ (২১), স্মিথ (৪১) ও জর্জ বেইলি (২৩)। অর্ধশতক করে শন মার্শ ফেরার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৬৭ রান। এর পর মিচেল মার্শ ও ম্যাথু ওয়েড দ্রুত ফিরে গেলে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
এক ছক্কা আর চারে দলের সংগ্রহ ভারতের সমান করার পর ফিরে যান ম্যাক্সওয়েল। চার রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে ফিরতে হয় এই আক্রমণাত্মক ব্যাটসম্যানকে। ৮৩ বলে খেলা তার ৯৬ রানের ইনিংসটি গড়া ৮টি চার ও ৩টি ছক্কায়।
ভারতের রবিন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা ও উমেশ যাদব দুটি করে উইকেট নেন। দুই অভিষিক্ত ক্রিকেটার রিশি ধাওয়ান ও গুরকিরাত সিং কোনো উইকেট পাননি।
আগের দুই ম্যাচে শতক করা রোহিত শর্মা এবার দুই অঙ্কে যেতে পারেননি। কেন রিচার্ডসনের বলে ম্যাথু ওয়েডের গ্লাভসবন্দি হয়ে পঞ্চম ওভারে ফিরে যান তিনি।
শুরুতেই রোহিতকে হারানো ভারতকে পথ দেখান আগের দুই ম্যাচে অর্ধশতক পাওয়া কোহলি। শিখর ধাওয়ানের সঙ্গে ১১৯ ও অজিঙ্কা রাহানের সঙ্গে ১০৯ রানের দারুণ দুই জুটিতে দলকে এগিয়ে নেন কোহলি।
ধাওয়ান ৬৮ ও রাহানে ৫০ রান করে ফিরে যান।
৪৭তম ওভারে ফেরার আগে ওয়ানডেতে নিজের ২৪তম শতক পান কোহলি। ১১৭ রানের চমৎকার ইনিংস খেলার পথে দ্রুততম ৭ হাজার রানে পৌঁছনোর রেকর্ডও গড়েন তিনি। কোহলির ১১৭ বলের ইনিংসটি গড়া ৭টি চার ও দুটি ছক্কায়।
অস্ট্রেলিয়ার জন হেস্টিংস ৪ উইকেট নেন ৫৮ রানে।
