‘উঁচু পর্যায়ে বাংলাদেশ’
বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান মারভান আতাপাত্তুর জানাশোনাটা কম দিনের নয়। দুই যুগের বেশি সময়ের অভিজ্ঞতায় বাংলাদেশের ক্রিকেটকে এখন উঁচু পর্যায়ে দেখছেন জিম্বাবুয়ের এই ব্যাটিং পরামর্শক।
খেলোয়াড় হিসেবে, কোচ হিসেবে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা রয়েছে আতাপাত্তুর। কিছু দিন আগে হয়ে যাওয়া বিপিএলে চিটাগং ভাইকিংসের কোচও ছিলেন তিনি। লম্বা সময় ধরে বাংলাদেশের ক্রিকেটকে দেখায় খেলোয়াড়ের মানসিকতার পরিবর্তনটা ভালোভাবেই টের পেয়েছেন তিনি।
“আমার মনে হয়, তারা বিশ্বাস করে, যে কেনো পরিস্থিতিতে তারা জিততে পারে। এটাই মূলত তাদের বড় মন্ত্র। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলার সময় থেকে এটাই আমার দেখা বড় পরিবর্তন।”
গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার কোচের পদ থেকে সরে দাঁড়ান আতাপাত্তু। চলতি বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি।
“দেখেন, এখন সব দলেরই চেহারা বদলাচ্ছে। আমার মনে হয়, বর্তমানে বাংলাদেশ খুবই উঁচু পর্যায়ে আছে। ঘরের মাটিতে তারা বড় বড় দলের সাথে জিতেছে। তারা দলগতভাবে খেলছে।”
গত বছর দেশের মাটিতে চারটি ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। সে সময় মাশরাফি বিন মুর্তজার দল পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে হারায়।
