ফরহাদের শতকে উত্তরাঞ্চলের লড়াই
আব্দুর রাজ্জাক, এনামুল হক জুনিয়র ও সোহাগ গাজীতে গড়া দক্ষিণাঞ্চলের শক্তিশালী স্পিন আক্রমণের বিপক্ষে দারুণ এক শতক করেছেন ফরহাদ হোসেন। তিনি ফিরে যাওয়ার পর উত্তরাঞ্চলকে ভালো সংগ্রহ এনে দিতে লড়ছেন আরিফুল হক।
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডের প্রথম দিনের খেলা শেষে উত্তরাঞ্চলের সংগ্রহ ৬ উইকেটে ২৯১ রান। আরিফুল ৬২ ও সানজামুল ইসলাম ১১ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন সপ্তম উইকেটে এরই মধ্যে ৫১ রানের জুটি গড়েছেন এই দুই জন।
মঙ্গলবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জুনায়েদ সিদ্দিকের উইকেট হারায় উত্তরাঞ্চল।
নবম ওভারে ক্রিজে এসেই শুরু হয় ফরহাদের লড়াই। শতক করার পথে মাইশুকুর রহমানের সঙ্গে ৬৬, নাঈম ইসলামের সঙ্গে ৭০ রানের দুটি ভালো জুটি উপহার দেন তিনি। মাইশুকুর ও নাঈম ৩০ রানের দুটি ইনিংস খেলে ফিরে যান।
ভালো করতে পারেননি নাসির হোসেন। সোহাগের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ৯ রান করেন তিনি।
শতকে পৌঁছানোর পর বেশিক্ষণ টেকেননি ফরহাদ। ১৭৯ বলে খেলা তার ১০৬ রানের ইনিংসটি শেষ হয় রাজ্জাকের বলে এলবিডব্লিউ হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ সাত ইনিংসে এটি ফারহাদের তৃতীয় আর সব মিলিয়ে একাদশ শতক।
দলীয় ১৯৬ রানে ফরহাদের বিদায়ের পর ক্রিজে আসা আরিফুল দলকে তিনশ’ রানের কাছাকাছি নিয়ে গেছেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ধীমান ঘোষ (২৬) ফিরে যাওয়ায় বাকি সময়টুকু টেল এন্ডারদের নিয়েই খেলতে হবে তাকে।
দক্ষিণাঞ্চলের সোহাগ (২/৯৫) ও রাজ্জাক (২/১১৮) দুটি করে উইকেট নিয়েছেন।
